টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান! ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। প্রথম দুটি প্লে-অফ জিতে তৃতীয় ও চতুর্থ দল হিসেবে চূড়ান্ত পর্বে ওঠে হংকং ও হল্যান্ড। বাকি ছিল দুটি স্থান। পরশু প্লে-অফে পাপুয়া নিউগিনি ও নামিবিয়াকে হারিয়ে ভারতে যাওয়া নিশ্চিত করল আফগানিস্তান ও ওমান।
আয়ারল্যান্ডের ডাবলিনে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে ওমানিরা শুধু বিশ্বকাপেই জায়গা পায়নি, আগামী চার বছরের জন্য পেয়ে গেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও। ওমানের ক্রিকেট দলটি অবশ্য গড়া হয়েছে ভারত-পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়েই।
আগামী বছরের ১১ মার্চ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। ভারতের আটটি শহরে দুই পর্বে হবে প্রতিযোগিতা। বাছাইপর্ব পেরিয়ে আসা ছয় দল প্রথম পর্বে যোগ দেবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই আট দল। দুই গ্রুপ চ্যাম্পিয়ন ‘সুপার টেন’ পর্বে যোগ দেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে। সুপার টেনেও দুই গ্রুপ। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
প্রথম পর্বের গ্রুপিং নিশ্চিত হবে বাছাইপর্বের সেমিফাইনাল, ফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচের পর। আজ ডাবলিনে সেমিফাইনালে স্কটল্যান্ড হংকংয়ের ও স্বাগতিক আয়ারল্যান্ড হল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আজই পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও ওমান। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আগামীকাল।