টি-টোয়েন্টি ভাবনায় রাজ্জাক নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ যখন মাঠে নামবে বাংলাদেশ, তাইজুল ইসলাম তখন থাকবেন বিমানবন্দরে। গ্রেনাডায় ম্যাচ যখন এগিয়ে যাবে, তাইজুলও এগিয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের পথে। এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও টেস্ট দলে তাইজুলের থাকাটা নিশ্চিতই। তবে টেস্ট দলে সম্ভাব্য বাকিদের আগেই আজ যাচ্ছেন এই বাঁহাতি স্পিনার। কারণ শুধু টেস্ট নয়, টি-টোয়েন্টিতেও বিবেচনা করা হচ্ছে তাইজুলকে!
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ওয়ানডে দলের কে তাহলে বিবেচনার বাইরে? নামটা অনেকের কাছেই বিস্ময় হয়ে আসতে পারে—আবদুর রাজ্জাক! প্রধান নির্বাচক ফারুক আহমেদ কাল সরাসরিই বলে দিলেন, ‘রাজ্জাক আপাতত আমাদের টি-টোয়েন্টি ভাবনায় নেই। এ জন্য ওকে আমরা এশিয়াডের দলেও রাখিনি।’ একটা ফাঁক অবশ্য রেখে দিলেন, ‘টিম ম্যানেজমেন্ট চাইলে রাজ্জাককে খেলাতে পারে, টি-টোয়েন্টির সময় ও তো ওখানে থাকবেই। বলতে পারেন বিকল্প হিসেবে আমরা তাইজুলকে পাঠাচ্ছি।’ বিকল্প একজনকে পাঠিয়ে দেওয়া মানে তো আসলে নিজেদের ভাবনাটা জানিয়ে দেওয়াই!
হঠাৎ রাজ্জাকের ভাবনার বাইরে যাওয়া আর তাইজুলের ভাবনায় আসা—দুটিই বেশ বিস্ময়কর। দেশের সফলতম টি-টোয়েন্টি বোলার রাজ্জাক। যৌথভাবে সর্বোচ্চ ৪৪ উইকেট সাকিব আল হাসানের সঙ্গে, তবে দুটি ম্যাচ বেশি খেলেছেন সাকিব। এ বছর পারফরম্যান্স দারুণ কিছু না হলেও খুব খারাপও নয়। ৫ ম্যাচে ৫ উইকেট, ওভারপ্রতি রান ৬.৩১ টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই দারুণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে পারফরম্যান্সে বেশ সমালোচিত হয়েছিলেন বটে (৩.৪-১-৩১-১), কিন্তু পরের ম্যাচেই পাকিস্তান যেখানে করেছিল ১৯০, ৪ ওভারে ২০ রান দিয়ে টপ অর্ডারের দুটি উইকেট নিয়েছিলেন রাজ্জাক।

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম


এই রাজ্জাকের হঠাৎই এমন ব্রাত্য হয়ে যাওয়ার কারণ? ফারুক আহমেদ জানালেন তাঁদের ভাবনা, ‘আরাফাত সানি যেটুকু সুযোগ পেয়েছে, ভালো করেছে। ও আমাদের টি-টোয়েন্টি ভাবনায় আছে বলেই এশিয়াডের দলে রেখেছি। তাইজুলও অনেক সম্ভাবনাময়। টি-টোয়েন্টিতে আমরা আসলে তারুণ্যে জোর দিতে চাইছি।’

নির্বাচকদের এই ভাবনা অযৌক্তিক হয়তো নয়। কিন্তু টি-টোয়েন্টি শুধুই তরুণদের খেলা, এ ভাবনাটাও এখন পুরোনো হয়ে গেছে। বরং বুড়োরাই বেশি জাঁকিয়ে বসছেন টি-টোয়েন্টিতে। আর সেই বুড়োদের দলে ঢোকার মতো বয়সও এখন ঠিক হয়নি রাজ্জাকের। অফিশিয়াল বয়স ৩২-এর সঙ্গে বাংলাদেশের বাস্তবতায় আরও বছর দুয়েক যোগ করলেও স্পিনার বিবেচনায় তাঁকে ‘বুড়ো’ বলা কঠিন।
তাইজুল টি-টোয়েন্টি ম্যাচ সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে, প্রাইম ব্যাংকের হয়ে বিজয় দিবস টি-টোয়েন্টিতে। বিপিএল ও অন্য সব মিলিয়ে ২২টি টি-টোয়েন্টি ম্যাচে ২৬ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৭.০২। এই রেকর্ড খারাপ হয়তো নয়, তবে চোখধাঁধানোও নয়। নির্বাচকেরা হয়তো বিশেষ কিছু দেখেছেন তাঁর মধ্যে!