টি-টোয়েন্টি যে কারণে 'কঠিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি–টোয়েন্টিতে বাংলাদেশ–পাকিস্তান
টি–টোয়েন্টিতে বাংলাদেশ–পাকিস্তান

সমস্যার কারণ অনেক। কিন্তু সমাধানের পথ একটাই—আরও বেশি বেশি ম্যাচ খেলা।
ওয়ানডে সিরিজে মাত্রই পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করল মাশরাফি বিন মুর্তজার দল। সারা দেশ ডুবে আছে ৩-০তে সিরিজ জয়ের সৌরভে। এর মধ্যে আবার সমস্যা এল কোত্থেকে? এখন তো শুধুই জয়ের আনন্দে ভাসার সময়।
কথা সত্যি। কিন্তু আজকের টি-টোয়েন্টি ম্যাচ যেন তাতে ক্ষণিকের বিরতি দিচ্ছে। মস্তিষ্কের রিফ্রেশ বাটনে ক্লিক পড়ছে, আসছে নতুন চিন্তা। নিয়মিত না হলেও টেস্ট ক্রিকেটে মাঝেমধ্যেই উন্নতির লক্ষণ দেখায় বাংলাদেশ। আর ওয়ানডেতে তো দলটা এখন আছে তাদের ইতিহাসেরই সেরা ফর্মে! যত সমস্যা টি-টোয়েন্টিতে। দলীয় বা ব্যক্তিগত, কোনো ধরনের সাফল্যেই আলোকিত নয় বাংলাদেশের ক্রিকেটের এই দিকটা। যে ক্রিকেটটাকে বলা হয় ছোট-বড় দলের ব্যবধান কমিয়ে আনার মঞ্চ, সেখানেই কেন পারে না বাংলাদেশ দল?
কাল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনে প্রশ্নটা বেশ কয়েকবারই উঠল। পরে এ নিয়ে বাংলাদেশ দলের আরও দু-একজন ক্রিকেটারের সঙ্গেও কথা বলে যা বোঝা গেল, কম ম্যাচ খেলাটাকেই ২০ ওভারের ক্রিকেটে ব্যর্থতার বড় কারণ মনে করেন ক্রিকেটাররা।
তবে একটা জায়গায় সবাই একমত—ওয়ানডের সাম্প্রতিক পারফরম্যান্স এবার অতীত করে দেবে টি-টোয়েন্টির ব্যর্থতার দিনগুলোকেও।
নাসির হোসেন: টি-টোয়েন্টি ম্যাচ কম খেলি, আমার মনে হয় এ ধরনের ক্রিকেটে এখনো ভালো দল হয়ে উঠতে না পারার এটাই সবচেয়ে বড় কারণ। ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ম্যাচ যত বেশি খেলব, ততই দুর্বলতাগুলো দূর হয়ে যাবে। তবে এখন বোধ হয় কিছু পরিবর্তন আসবে। আগে উন্নত দেশের খেলোয়াড়দের তুলনায় আমরা বড় শট মারতে পারতাম না, ছক্কা হতো না; এখন কিন্তু আমরা সেসব পারছি। যত বেশি ম্যাচ খেলব, ততই এতে আরও দক্ষ হয়ে উঠব।
তামিম ইকবাল: আমরা টেস্ট ও ওয়ানডে যে রকম খেলি, টি-টোয়েন্টি ম্যাচ ততটা খেলি না। যা খেলি, তাও আন্তর্জাতিক ম্যাচ। যেখান থেকে আমরা খেলাটা শিখব, সেই ঘরোয়া ক্রিকেটেই তো টি-টোয়েন্টি হয় না! বিপিএলটা খুব ভালো হচ্ছিল আমাদের ম্যাচ প্র্যাকটিসের জন্য। এখন সেটাও অনিয়মিত। আমার বিশ্বাস, ম্যাচ খেলার সংখ্যা বাড়ালে ওয়ানডের মতো এখানেও আমরা বড় দলগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারব।
সাব্বির রহমান: টি-টোয়েন্টি ক্রিকেট আমরা খেলি না বললেই চলে। ২০১৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের এক বছর পর আবার কালকেই (আজ) প্রথম খেলতে নামব টি-টোয়েন্টি ম্যাচ। মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফরে একটা ম্যাচ থাকলেও বৃষ্টির কারণে সম্ভবত হতে পারেনি। এর মধ্যে অন্য কোনো টুর্নামেন্টও খেলিনি। টি-টোয়েন্টিতে আমাদের অনভ্যস্ততার এটাই বড় কারণ মনে করি। তবে এখন মনে হয় আমরা সে সময় কিছুটা হলেও পেরিয়ে এসেছি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগবে টি-টোয়েন্টি ম্যাচে।
মাশরাফি বিন মুর্তজা: টি-টোয়েন্টি আমাদের সেভাবে খেলাই হয় না, সুযোগও হয় না। ঘরোয়া ক্রিকেটেও আমরা ওয়ানডে বা চার দিনের ম্যাচই বেশি খেলি। সুতরাং কম চর্চার ব্যাপার তো অবশ্যই আছে। একই সঙ্গে কোনো সিরিজের আগে টি-টোয়েন্টির জন্য আলাদা করে প্রস্তুতিও নেওয়া হয় না। অন্যান্য দলে দু-একজন খেলোয়াড় থাকে, যারা টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। আমাদের ও রকম নেই। তবে আমার বিশ্বাস, কিছুদিন যদি আমরা নিয়মিত খেলতে থাকি, বেশি ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে টি-টোয়েন্টিতেও আমরা ভালো দল হতে পারব।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সেটারই একটা লক্ষণ দেখতে চায় সবাই।