টি-টোয়েন্টি সেঞ্চুরির যত 'বাংলাদেশি রেকর্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর সাব্বির। ছবি: প্রথম আলো
সেঞ্চুরির পর সাব্বির। ছবি: প্রথম আলো

তাঁর নামের পেছনে জার্সি নম্বর ‘১’। আজ অন্তত এক ইনিংসে বেশ কিছু রেকর্ডে সাব্বির রহমান বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে গেলেন। কিছু অর্জনে বসলেন পাশে। কিছু রেকর্ড ভাঙা হলো না একটুর জন্য। রাজশাহী কিংসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে তাঁর ১২২ রানের ইনিংসটির পরও অবশ্য হেরে গেল দল। তবে সাব্বিরের ইনিংসের সৌজন্যে রেকর্ড বইয়ের কিছু পাতা নেড়েচেড়ে দেখতে হলো। জেনে নিন আপনিও—
* শুধু বাংলাদেশি নয়, বিপিএলে যেকোনো ব্যাটসম্যানের পক্ষেই এই ১২২ সর্বোচ্চ ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল ক্রিস গেইলের ১১৬। ২০১২ সালের বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বরিশাল বার্নার্সের হয়ে এই ইনিংস খেলেছিলেন গেইল।
* বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে এর আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছে তামিম ইকবাল, এনামুল হক, মোহাম্মদ আশরাফু​ল ও শাহরিয়ার নাফীস।
* সব মিলিয়ে পাঁচজন বাংলাদেশি ব্যাটসম্যান ছয়টি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন।
* আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি তামিমের, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে
* টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসটিও তামিমের, ১৩০। সাব্বিরের ১২২ বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
* তামিম ১৩০ রানের ইনিংসটি খেলেছিলেন ২০১৩ সালে, বিজয় দিবস ক্রিকেটে। বিসিবি একাদশের হয়ে, মোহামেডানের বিপক্ষে।
* সেই ম্যাচে তামিম ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশিদের পক্ষে এটি দ্রুততম। আজ সাব্বির সেঞ্চুরি করেছেন ৫৩ বলে।