টি-টোয়েন্টিতে কি ভাগ্য ঘুরবে?
আশার কথা বলতে বুঝি এখন মুশফিকুর রহিমেরও ভয় হয়! ২০ ওভারের ক্রিকেটে ‘ধনী-গরিবে’র ব্যবধান ঘুচে যায় বলে এই ম্যাচ নিয়েই বেশি আশাবাদী হতে পারতেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আসার পর এখন পর্যন্ত তাঁর অভিজ্ঞতা এতই তিক্ত যে মুখ ফুটে সেই আশার কথাটি আর বললেন না।
ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার পর সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল। সেন্ট কিটসের হিসাবে আজই, তবে এখানে রাত আটটায় শুরু মানে বাংলাদেশে পরদিন সকাল ছয়টা। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসর আগের চ্যাম্পিয়ন। তার ওপর খেলা হবে ওয়ার্নার পার্কের মতো ছোট এক মাঠে, যেখানে উইকেট ব্যাটসম্যানদের শ্বশুরবাড়ির মতোই ‘আপ্যায়ন’ করে। সেই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলবেন গেইল-পোলার্ড-স্যামি-রামদিনের মতো মারকাটারি ব্যাটসম্যানরা। এসব মাথায় রেখে মুশফিক আগে থেকেই সতর্ক, ‘আমাদের হারানোর কিছু নেই। কারণ এ ম্যাচে ওরাই ফেবারিট। আমরা আপ্রাণ চেষ্টা করব। ভালো খেললে টি-টোয়েন্টিতে বড় একটা সুযোগ আসতেও পারে। তবে ওদের চাইতে আমাদের দ্বিগুণ ভালো ক্রিকেট খেলতে হবে।’
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দল আছে টানা হারের বৃত্তে। এ বছরেরই মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে হারাতে পারলেও এরপর টানা হেরেছে হংকং, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় সুবিধা, অতি সম্প্রতি সিপিএল শেষ হওয়ায় দলের সবাই টি-টোয়েন্টি খেলার মধ্যেই ছিলেন। ওয়ার্নার পার্কেই হয়েছে সেমিফাইনাল ও ফাইনালসহ সিপিএলের ৯টি ম্যাচ। তার মানে নাটকের চিত্রনাট্য, মঞ্চ সবই তাদের পক্ষে। এখন শুধু অভিনয়টুকু করে দেখানোর পালা। মুশফিক বারবার সেটিই মনে করিয়ে দিয়ে বোঝাতে চাইলেন, এই ম্যাচ নিয়ে খুব বেশি স্বপ্ন না দেখাই ভালো। তার পরও বড় কিছু পাওয়া গেলে সেটা হবে বোনাস, ‘ওরা টি-টোয়েন্টিতে অনেক ভালো। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি সিপিএলেও অনেক ভালো খেলেছে। ওদের যে রকম শক্তি, এই মাঠে ওরা রান করতে পারবে। সবাই বিগ হিটার। উইকেটও ওদের পক্ষে।’
তবে টি-টোয়েন্টি ম্যাচ তো শেষ পর্যন্ত একধরনের লটারিই। ভাগ্যে থাকলে ঠেকায় কে! অধিনায়ক তাকিয়ে সেই ভাগ্যদেবীর দিকে, ‘এমনও হতে পারে, ওরা সব বিগ হিট করতে গিয়ে আউট হয়ে গেল। আমরা তিনটা ওয়ানডে ভালো খেলিনি। দেশের জন্য কিছু করতে হবে। চেষ্টা করব দুটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে দেশের মানুষকে কিছু আনন্দ দিতে।’
প্রথম ও শেষ ম্যাচে কেউ কেউ যেভাবে খেললেন, তাতে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি প্র্যাকটিসটা হয়ে গেছে ওয়ানডে সিরিজেই। দিনেশ রামদিন তাঁদেরই একজন। কালকের টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে তাঁর আশাটাও বেশ জোরালো, ‘সিপিএলে খেলার অভিজ্ঞতা কাজে দেবে। তা ছাড়া আমরা টি-টোয়েন্টিতে ভালো দল। দলে এমন অনেকেই আছে, যারা বল মাঠ পার করতে পারে।’
মুশফিক খুব বেশি আশাবাদী না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ব্যাপার অবশ্যই বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দলগুলোর মধ্যে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই একাধিক জয় আছে বাংলাদেশের। একাধিক জয়ের কথা বাদই দিন, আর কোনো বড় দলের বিপক্ষে তো জয়ই নেই।
ওয়ানডে ব্যর্থতার গ্লানি থাকবেই। তার পরও কাল মাঠে নামার আগে মুশফিকরা সামান্য হলেও আত্মবিশ্বাস খুঁজে নিতে পারেন টি-টোয়েন্টি পরিসংখ্যানের বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ পাতাটা থেকে।