টি-টোয়েন্টিতে কেন সবাই পরেই ব্যাট করতে চায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টসে জিতে কালও বোলিং নিয়েছিল ইংল্যান্ড। পরে অবশ্য ব্যাটিংয়ে হিসাবটা মিলিয়ে দিতে পারেনি। ছবি: এএফপি
টসে জিতে কালও বোলিং নিয়েছিল ইংল্যান্ড। পরে অবশ্য ব্যাটিংয়ে হিসাবটা মিলিয়ে দিতে পারেনি। ছবি: এএফপি

‘টসে জিতলে দশবারের মধ্যে নয়বার ব্যাটিং নাও। অন্যবার একটু ভেবে ব্যাটিংই নাও।’

এ কথার দিন শেষ হয়েছে বহুদিন আগে। ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি—সব সংস্করণেই এখন আর কথাবার্তা ছাড়া ব্যাটিং কেউই নেয় না। আর খেলাটা যখন টি-টোয়েন্টি, তখন যেন ব্যাটিংটা নিতেই সবার আপত্তি! ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে টস জিতলেই ইদানীং সবাই তড়িঘড়ি করে বলটা হাতে তুলে নেন।
সেদিনের বিগ ব্যাশ ফাইনালটাই দেখুন। দুর্দান্ত এক টুর্নামেন্টের শেষটা এমন হবে কেউ ভাবতে পারেনি। এতটা একপেশে ম্যাচের আশা কেউই করেনি। টসে জিতে সিডনি সিক্সারসকে ১৪১ রানে থামিয়ে দিল পার্থ স্কর্চার্স। এরপর রয়েসয়ে খেলে ২৫ বল বাকি রেখে ম্যাচটা জিতে গেল ৯ উইকেটে। এ ম্যাচটা আবারও বুঝিয়ে দিল টি-টোয়েন্টিতে কেন দলগুলো ইদানীং আর আগে ব্যাট করতে চায় না!
একটা পরিসংখ্যান দেখে চমকে উঠতেই হলো। ২০০৯ ও ২০১০ সালে টসে জিতে মাত্র ৩৫ ভাগ ম্যাচে প্রতিপক্ষকে ব্যাট করতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেটাই ২০১৬ সালে এসে হয়েছে দ্বিগুণেরও বেশি। ৭২ ভাগ ম্যাচেই টসে জিতে অধিনায়কেরা প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। ভারত-ইংল্যান্ড সিরিজের দুই ম্যাচেও ঘটেছে একই ঘটনা। টস জিতে বোলিং নিয়েছেন এউইন মরগান।
কিন্তু কেন এমন পরিবর্তন?
প্রথম কারণটা অবশ্যই ব্যাটসম্যানদের স্কিলে উন্নতি। টি-টোয়েন্টিতে এখন নিরাপদ রান বলতে কিছু নেই। ২০০ রান করেও নিরাপদে কেউ বসে থাকতে পারে না, বলতে পারে না ম্যাচ তো জিতেই গেছি। নিত্যনতুন শট ও পাওয়ার হিটিংয়ে ব্যাটসম্যানরা ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে পারেন যেকোনো সময়। ফলে ইতিহাসের (কোনো ভেন্যুর আগের গড় স্কোর) ওপর এখন আর ভরসা করা যায় না।
দ্বিতীয় কারণ, পরে ব্যাট করলে উইকেটের আচরণ বোঝা সহজ হয়। কারণ, কোনো ম্যাচে ২০০ রানের লক্ষ্য মাথায় রেখে প্রথমে ব্যাটিংয়ে নেমে উইকেট কঠিন হলেও ব্যাটিংয়ের ধরন পাল্টাতে পাল্টাতে দেরি হয়ে যায়। বড় স্কোর গড়তে গিয়ে উল্টো ব্যাটিংয়ে ধস নামে। কিন্তু পরে ব্যাট করলে এমন সমস্যায় পড়তে হয় না। উল্টোটাও হয়।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত আগে ব্যাটিং করল। ওপেনিংয়ে নেমে অজিঙ্কা রাহানে দারুণ খেলেছেন। কিন্তু সেদিনের উইকেটে ৩৫ বলে ৪০ রান অনেক কম হয়ে গিয়েছিল। পরে বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে ১৯২ রান নিয়েও রক্ষা পায়নি ভারত। ম্যাচটা জিতেছে পরে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ।
তৃতীয় কারণ, বোলারদের আগে বল করার আগ্রহ। ছোট মাঠ, ভারী ব্যাটের কারণে কোনো পুঁজিকেই এখন আর নিরাপদ বলা যায় না। তাই ম্যাচের আগে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামেন বোলাররা, সেটা পরে বল করলে অধিকাংশ সময়ই প্রয়োগ করতে পারেন না। প্রথম বল করলে নিজেদের পরিকল্পনাটা ব্যবহার করার সুযোগ মেলে বোলারদের। অধিনায়কও স্বস্তিতে থাকেন বেশি।
সর্বশেষ কারণ, দলগুলোর লম্বা ব্যাটিং লাইনআপ। ইদানীং অনেক টি-টোয়েন্টি দলের ১১ নম্বর ব্যাটসম্যানই ব্যাট করতে পারেন। ফলে রান তাড়া করতে নেমে দলের মূল ব্যাটসম্যানরা ভরসা পান, ‘আমি আউট হলেও সমস্যা নেই।’ নির্ভার হয়ে আরও দ্রুত রান তুলতে পারে টপ অর্ডার। মিডল অর্ডারও সময় মতো ঝড় তুলতে পারে দলের প্রয়োজনে। আর ২০ ওভারের ম্যাচে এক ওভারেই যেহেতু ম্যাচের রূপ বদলে যেতে পারে, সবাই পরে ব্যাট করেই সে সুযোগটা নিতে চায়।
তবে টস ও পরে ব্যাটিংয়ের এ ধারাটা আইসিসির চোখেও পড়েছে। খেলা থেকে হারিয়ে যাচ্ছে আকস্মিকতা, প্রতিদ্বন্দ্বিতা। এ থেকে মুক্তি পেতে আইসিসি এর মধ্যেই পরিত্রাণের উপায় খুঁজছে। উত্তর পাওয়ার আগপর্যন্ত, টসে জেতার পর দলগুলোকে বোলিংই করতে দেখবেন, এতে নিশ্চিত থাকুন! সূত্র: ক্রিকইনফো।