টি টোয়েন্টিতে ডি ভিলিয়ার্সের পঞ্চম শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলারের প্রথম টি-টোয়েন্টি ফিফটিতে জয় এল দক্ষিণ আফ্রিকার। ছবি: এএফপি।
মিলারের প্রথম টি-টোয়েন্টি ফিফটিতে জয় এল দক্ষিণ আফ্রিকার। ছবি: এএফপি।

দারুণ এক জয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। কাল রাতে ডারবানে প্রোটিয়াদের কাছে অস্ট্রেলিয়া হেরেছে ৩ উইকেটে।

টানা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ হারল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করা অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৫৭ রান তোলে। দক্ষিণ আফ্রিকা এই রান টপকে যায় ১৯.২ ওভারে।

সেটিও মারকুটে ব্যাটসম্যাট এবি ডি ভিলিয়ার্সের কোনো অবদান ছাড়াই। ২০১০ সালের পর এই প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে ফিরলেন ডি ভিলিয়ার্স। সব মিটিয়ে ৬৬টি টি টোয়েন্টিতে তাঁর শূন্য পাঁচটি। প্রথম ৩০ ম্যাচে শূন্য চারটি, পরের ৩৬ ম্যাচের ৩৫ ইনিংসে গতকালই প্রথম শূন্য রানে আউট হলেন। টি-টোয়েন্টিতে ডি ভিলিয়ার্সের রান ১২৪৫। সর্বোচ্চ ৭৯। গড় ২৩.৫। স্ট্রা্ইক রেট রেট ১২৮.৭৪। এই পরিসংখ্যান বলছে ওয়ানডেতে ৫৪ গড় নিয়ে যতটা বিধ্বংসী ডি ভিলিয়ার্স, টি টোয়েন্টিতে ততটা নন!

কাল অস্ট্রেলিয়ার ইনিংস দেড় শ পেরোতে বড় ভূমিকা রাখেন অ্যারন ফিঞ্চ, ৪০ রানে থেমেছেন তিনি। মিচেল মার্শ করেন ৩৫। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৬৯ রান তোলা অস্ট্রেলিয়া আস্তে আস্তে পথ হারিয়ে ফেলেছিল।

প্রোটিয়া বোলারদের নৈপুণ্যে শেষ ১৪ ওভারে ৮৮ রান তুলতেই হারায় ৮ উইকেট। ইমরান তাহির ২১ রানে নেন ৩ উইকেট। ডেভিড ওয়াইজ ও কাগিসো রাবাদা পেয়েছেন দুটি করে উইকেট।

দক্ষিণ আফ্রিকার জিততে কষ্ট হয়নি ডেভিড মিলারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি (৫৩) আর ফ্যাফ ডু প্লেসির ৪০ রানের কল্যানে। ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দল। নাথান কাউল্টার নিল ২৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া অ্যান্ড্রু টাই ও মিচেল মার্শ নিয়েছেন একটি করে উইকেট।

সূত্র: এএফপি।