টি-টোয়েন্টিতে বদলে যাওয়ার মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ট্রফির জন্যই আজ থেকে টি-টোয়েন্টির লড়াই শুরু মাশরাফি ও চিগুম্বুরাদের l ছবি: প্রথম আলো
এই ট্রফির জন্যই আজ থেকে টি-টোয়েন্টির লড়াই শুরু মাশরাফি ও চিগুম্বুরাদের l ছবি: প্রথম আলো

সেই সব চেনা দৃশ্য একের পর এক ঘটে গেল সামনে। কোচ-অধিনায়কের সঙ্গে দুই নির্বাচকের মাঠে দাঁড়িয়ে ‘জরুরি সভা’। তিন-চার নেটে ভাগ হয়ে অনুশীলন। ফিজিও বায়েজিদুল ইসলামকে পাশে রেখে মুশফিকুর রহিমের ফিটনেস ব্যস্ততা। অনুশীলনের পর সাকিব আল হাসানের গভীর মনোযোগে ব্যাট দেখতে দেখতে ড্রেসিংরুমে উঠে যাওয়া কিংবা উইকেটে কত রান করলে নিরাপদ থাকা যাবে, তা বুঝতে কিউরেটরকে ঘিরে সাংবাদিকদের জটলা…।
কোনোটাকেই আলাদা করে বলতে পারবেন না যে এটা এবারই প্রথম ঘটল। সব ম্যাচের আগেই দেখা যায় এসব দৃশ্য। আজ থেকে শুরু জিম্বাবুয়ে সিরিজে প্রথম যেটা ঘটছে, তা আসলে কেউই দেখছে না। খেলোয়াড়েরা, দল-সংশ্লিষ্ট অন্যরা তা শুধু ভেতর থেকে অনুভব করছেন। এটাই সুযোগ...এটাই সুযোগ...এটাই সুযোগ বদলে যাওয়ার।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আক্ষেপ করে বলছিলেন, ‘একইভাবে ১০ বছর তো খেললাম। কিছুই হলো না। ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত ১০-১১ নম্বরেই পড়ে থাকলাম। এবার নতুন কিছু করার চেষ্টা করতে হবে।’ সেই নতুন কিছু কী—মাশরাফি নিজেও জানেন না। শুধু জানেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেহারাটা বদলে দিতে হবে। এই যে সামনে এশিয়া কাপ, এটা ওয়ানডের হলে এবার বাংলাদেশকে কী ভয়টাই না পেত অন্যরা! অথচ ২০ ওভারের টুর্নামেন্ট হওয়ায় উল্টো ঘরের মাঠে নিজেদেরই কুঁকড়ে যাওয়ার অবস্থা। টি-টোয়েন্টি ক্রিকেটে যে এখনো ধাতস্থ নয় বাংলাদেশ!
সামনে বিশ্বকাপ, তার আগে এশিয়া কাপটাও টি-টোয়েন্টির বলে চার ম্যাচের জিম্বাবুয়ে সিরিজকে দেখা হচ্ছে সেসবের ‘কম্বিনেশন’ ঠিক করার সুযোগ হিসেবে। সঙ্গে ব্যাট-বলের প্রস্তুতি তো হবেই। তবে শেখ আবু নাসের স্টেডিয়ামের এই সিরিজে বাংলাদেশ দলের চিন্তায় অদূর ভবিষ্যতের ওই দুটি টুর্নামেন্টের সঙ্গে থাকবে টি-টোয়েন্টি খেলার সামর্থ্য বাড়ানোর চেষ্টাও, যেটা সুদূর ভবিষ্যতের পাথেয় হবে।
টি-টোয়েন্টিতে এখনো বাংলাদেশ দলের বড় সমস্যা এর মিথস্ক্রিয়াটা বুঝতে না পারা। চুলোয় হাঁড়ি চড়ালেই রান্না হয়ে যায়, কিন্তু স্বাদে-গন্ধে রান্নার নান্দনিকতা ফুটিয়ে তুলতে চাই তেল-মসলার সঠিক মিশ্রণ। বাংলাদেশের টি-টোয়েন্টি সামর্থ্যে সেটারই অভাব। ১০ বছরে ৪৬টি ম্যাচ খেলে ফেলার পরও কাটেনি অনেক দ্বিধাদ্বন্দ্ব। কিসের সঙ্গে কী মেশালে শেষটা জয়ের অমৃত স্বাদ দেবে, জানে না বাংলাদেশ। গেমপ্ল্যানে এখনো প্রথম ৬ ওভারের করণীয় নিয়ে গবেষণা অতৃপ্তি নিয়ে শেষ হয়। অভিজ্ঞতার অভাবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারে ১৮ রান দিয়ে হারের জ্বালায় পুড়ে চাপড়াতে হয় কপাল।
বিপিএল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টির অভ্যাস কিছুটা গড়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ভালো দল হয়ে উঠতে কি তা যথেষ্ট? নির্বাচক হাবিবুল বাশার অন্তত তা মনে করেন না, ‘এটা ঠিক যে বিপিএল আমাদের ছেলেদের প্রচুর ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে চাপ অনেক বেশি থাকে। বড় দলের বিপক্ষে পরিস্থিতি অনুযায়ী কাজ করার অভ্যাস আন্তর্জাতিক ক্রিকেটেই রপ্ত করতে হবে।’ খেলাটা টি-টোয়েন্টি বলে বড় দলের তালিকায় মাশরাফি রাখছেন জিম্বাবুয়েকেও, ‘টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। ওদের অনেক খেলোয়াড়ই খুব ভালো শট খেলতে পারে।’
প্রথমবারের মতো চার টি-টোয়েন্টির সিরিজ খেলতে নেমে বাংলাদেশ দলের অন্যতম লক্ষ্য থাকবে টি-টোয়েন্টিতে অভ্যস্ত হওয়া, খেলাটাকে বুঝে খেলা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে পরীক্ষা-নিরীক্ষা করা এখানে কম ঝুঁকিপূর্ণ। যদিও নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, ‘প্রথম দুই ম্যাচে ঝুঁকি নিতে চাই না। এই দুই ম্যাচে আগে জয় নিশ্চিত করতে হবে। এরপর অবশ্যই ওই কাজগুলো হবে। বিশ্বকাপের টিম কম্বিনেশনের পাশাপাশি কীভাবে আরও ভালো টি-টোয়েন্টি খেলা যায়, সেটা শেখারও এটা একটা সুযোগ।’
অধিনায়ক-নির্বাচকদের মতো ভাবছেন খেলোয়াড়েরাও। পরপর চার ম্যাচ একই দলের বিপক্ষে। এটা না হলে ওটা, ওটা না হলে আরেকটা—এবার সাগর সেচে হলেও তুলে আনতে হবে টি-টোয়েন্টি-সাফল্যের মন্ত্র। প্রত্যেক দলেরই শক্তির জায়গা থাকে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সে জায়গাটা কোথায়? এশিয়া কাপ আর বিশ্বকাপের পরও ২০ ওভারের ক্রিকেটের যে জগৎ পড়ে থাকবে, সেখানেও মাথা তুলে দাঁড়ানোর কবচ এই সিরিজেই পেতে হবে। বিপিএলে টি-টোয়েন্টির নতুন নির্ভরতা হিসেবে আবির্ভূত মাহমুদউল্লাহর কণ্ঠে প্রতিজ্ঞা, ‘আমরা ওয়ানডেতে ভালো দল হয়ে গেছি। আমার বিশ্বাস, নিজেদের শক্তির জায়গাটা বুঝে খেললে টি-টোয়েন্টিতেও তা সম্ভব।’
টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা শুভাগত হোম, আবু হায়দার ও নুরুল হাসান থেকে শুরু করে দলের সবার মধ্যেই সঞ্চারিত হচ্ছে এই চিন্তা। মাশরাফি সেটাকে এক সুতোয় গেঁথে সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন, ‘এই ফরম্যাটে আমাদের অনেক কিছু শেখার আছে। তবে সবকিছুর আগে জয়টাই প্রাধান্য পাবে।’
খেলাধুলায় সেটাই যে শেষ কথা!