টি-টোয়েন্টিতেই ট্রিপল সেঞ্চুরি করে আলোচনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহিত আহলোয়াত। সংগৃহীত ছবি
মোহিত আহলোয়াত। সংগৃহীত ছবি

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি! এও সম্ভব? আইপিএলে ক্রিস গেইল ১৭৫ রানের ইনিংসের পরই এমন আলোচনা উঠেছিল। মোহিত আহলোয়াতের ইনিংসের পর আর কখনো সে আলোচনা হবে না। ডাবল? আরে টি-টোয়েন্টিতে তো ট্রিপল সেঞ্চুরিও হয়ে যাচ্ছে এখন! 

গত মঙ্গলবার ফ্রেন্ডস প্রিমিয়ার লিগে খেলছিল মাভি একাদশ বনাম ফ্রেন্ডস একাদশ। হোক না মানের দিক দিয়ে অনেক পেছনে থাকা একটা টুর্নামেন্ট, কিন্তু টি-টোয়েন্টিতে ৩০০ রানের ইনিংস খেলা গলির ক্রিকেটেও কঠিন। সেটাই করে দেখিয়েছেন এই ভারতীয় তরুণ।
প্রথমে ব্যাটিং করতে নেমে প্রতিপক্ষের ওপর রীতিমতো অত্যাচার করেছে মাভি একাদশ। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ৪১৬ রান! এর মাঝে ৩০০ রানই আহলোয়াতের। ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান সেদিন মেরেছেন ৩৯টি ছক্কা ও ১৪টি চার। এই এক ইনিংস দিয়েই আলোচনায় চলে এসেছেন। আহলোয়াত অবশ্য চমক কাটিয়ে উঠতে পারেননি, ‘ব্যাট করতে নামার সময় রেকর্ড নিয়ে কোনো চিন্তা করিনি। ব্যাট করার সময় হঠাৎ কী হলো, এমনিতেই ভালো খেলতে শুরু করলাম। আমি স্বাভাবিক শটই খেলেছি।’
৭২ বলের এই ঝড়ের পর আলোচনায় এলেও, ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক আগে থেকেই খেলছেন। তাঁর প্রিয় ব্যাটসম্যানের নাম জানলে অবশ্য এমন ইনিংসটা স্বাভাবিক মনে হতে পারে, ‘আমি মহেন্দ্র সিং ধোনি ও তাঁর মানসিকতা অনুসরণ করি।’ দেশের বাইরে প্রিয় ব্যাটসম্যানটার নামটাও কিন্তু এবি ডি ভিলিয়ার্স।
তবে আহলোয়াতের নজর এখন সাদা পোশাকে, ‘আপাতত রঞ্জি ট্রফির দলেই ফেরার ইচ্ছা। গত বছর দলে জায়গা হারিয়েছি, এবার সেটা ফিরে পেতে চাই।’ কাজটা অবশ্য কঠিন হবে। ২০১৫ নভেম্বরে রঞ্জি ট্রফিতে অভিষেক, কিন্তু প্রথম শ্রেণিতে সর্বশেষ তিন ইনিংসে শূন্য তাঁর। সে দুর্দশা কাটাতে চান আহলোয়াত, ‘যখনই খেলি, শতভাগ দেওয়ার চেষ্টা করি। ভালো ক্রিকেট খেলতে চাই। আর সেটা করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেতে চাই। ভারতের পক্ষে টেস্ট ও ওয়ানডে খেলতে চাই।’
জাতীয় দলের স্বপ্নটা কবে পূরণ হবে সেটা জানা নেই, তবে আইপিএল স্বপ্নটা পূরণ হতেই পারে। পরশু দিল্লি ডেয়ারডেভিলসে ট্রায়ালও দিয়েছেন। সবকিছু মিলে গেলে এবারের এপ্রিলে আইপিএলেও দেখা যেতে পারে টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানকে। সূত্র: ডেকান ক্রনিকলস।