টি-টোয়েন্টিতেও একই ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যিনি ট্রফি দিলেন তাঁর মুখে হাসি, যিনি ট্রফি নিলেন তাঁর মুখেও। টি–টোয়েন্টি ম্যাচটি জিতে ওয়ানডে ট্রফিটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাল মিরপুরে l শামসুল হক
যিনি ট্রফি দিলেন তাঁর মুখে হাসি, যিনি ট্রফি নিলেন তাঁর মুখেও। টি–টোয়েন্টি ম্যাচটি জিতে ওয়ানডে ট্রফিটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাল মিরপুরে l শামসুল হক

ম্যাচ শেষ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। এরপর আধঘণ্টা পেরিয়ে গেছে, সংবাদ সম্মেলনে আসছেন না বাংলাদেশ দলের কেউ। কারণটা জানার জন্য মাঠে উঁকি দিয়ে যা দেখা গেল, সেটাকে উৎসব বললেও কিছুটা কম বলা হয়। গ্যালারি থেকে উচ্ছ্বসিত সমর্থকদের অনেকে নেমে এসেছেন মাঠে। মাশরাফি-নাসিরদের ঘিরে রেখেছেন সবাই। কেউ সেলফি তুলছেন, কেউ স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন বাকিরা। এর কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ডেকে কথা বলেছেন দলের সঙ্গে।
সাব্বির রহমানকে ঘিরে মাঠের জটলাটা একটু বেশিই বড় মনে হলো। হওয়ারই কথা। কিছুক্ষণ আগে ম্যাচসেরার পুরস্কারটা জিতে এসেছেন। বাহারি সব স্ট্রোক খেলে সাকিব আল হাসানকে সঙ্গী করে হারিয়ে দিয়েছেন পাকিস্তানকে।
মজার ব্যাপার হচ্ছে, ব্যাট হাতে যেমন উচ্ছল, মাইক্রোফোনের সামনে ততটাই স্বল্পভাষী সাব্বির। এমন দারুণ একটা ইনিংস খেলতে এসেছেন, কিন্তু সেটা নিয়ে কিছু বলতে গিয়ে যেন লজ্জা পাচ্ছেন। নিজের চেয়ে বেশি বললেন দলের কথা, ‘আমার কাছে বড় দলের জয়টাই। আমি ১ রান করার পরেও যদি দল জেতে, তাতেও আমি খুশি। আর আমি সেঞ্চুরি করার পরও যদি দল হারে, তাতে কোনো লাভ নেই। আমরা পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার।’
সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ এত একতরফাভাবে জিতেছে বাংলাদেশ যে তিন ওয়ানডের মাত্র একটিতে ব্যাট করার সুযোগ পেয়েছেন সাব্বির। সেই অর্থে টি-টোয়েন্টির আগে তাঁর ব্যাটিং অনুশীলনই হয়নি। তবে বিসিবি একাদশের হয়ে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচটায় দুর্দান্ত এক সেঞ্চুরি করে হারিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে। গতকালের দুর্দান্ত হাফ সেঞ্চুরিটার পেছনেও ওই ইনিংসটার বড় ভূমিকার কথা স্বীকার করলেন, ‘আমি সব সময় ইতিবাচক খেলার চেষ্টা করি। নিজের কথা নয়, দলের কথা ভেবে খেলি। ওই সেঞ্চুরিটা অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।’
ব্যাট হাতে সাব্বির আর সাকিব জ্বলে উঠেছেন। তবে তার আগে জয়ের পথটা তৈরি করে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদিও স্বীকার করে গেছেন, প্রত্যাশার চেয়ে কিছু রান কম করেছেন তাঁরা। পাকিস্তানকে এই কম রানে আটকে রাখার বড় কৃতিত্বটা ৪ ওভারে মাত্র ১৭ রান দেওয়া সাকিবের পাশাপাশি টি-টোয়েন্টিতে অভিষিক্ত হওয়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিয়েছেন ১৯ বছর বয়সী এই পেসার । ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান, নিয়েছেন আফ্রিদি আর মোহাম্মদ হাফিজের উইকেট দুটি। আফ্রিদি বাংলাদেশের উদীয়মান এই বোলারের প্রশংসা করেছেন। পরে মাশরাফি এসেও শোনালেন মুস্তাফিজকে নিয়ে মুগ্ধতার কথা, ‘আমার মনে হয় সে যদি আজকে ম্যান অব দ্য ম্যাচও হতো, তাহলেও অবাক হওয়ার কিছু ছিল না। অসাধারণ বোলিং করেছে।’
ওয়ানডে সিরিজের পর অনেকেই বলছিলেন, নতুনদের নিয়ে গড়া দল বলেই হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টির অধিনায়ক আফ্রিদি তো হুমকিই দিয়েছিলেন, উমর গুল, সাঈদ আজমল, সোহেল তানভীর আর তাঁকে নিয়ে গড়া অভিজ্ঞ টি-টোয়েন্টি দলের বিপক্ষে জেতাটা সহজ হবে না মোটেও। টি-টোয়েন্টির আগে মাশরাফিও জানিয়েছিলেন, ওয়ানডের মতো টি-টোয়েন্টি একতরফা না-ও হতে পারে। কারণ, এ ধরনের ক্রিকেটে পাকিস্তান যতটা ভালো, বাংলাদেশ ততটা ভালো হয়ে উঠতে পারেনি। কিন্তু কাল সেই টি-টোয়েন্টি ম্যাচটিকেও একতরফা বানিয়েই জিতেছে বাংলাদেশ। মাশরাফি অবশ্য কৃতিত্ব দিলেন ওয়ানডে সিরিজ থেকে পাওয়া ছন্দটাকেই, ‘যেভাবে আমরা ওয়ানডে সিরিজটা খেলেছি, সেই ছন্দ এখানে কাজে লেগেছে। আশা করছি টেস্ট সিরিজেও ছেলেরা এই ছন্দটা ধরে রাখতে পারবে।’
মাশরাফির মতো এই প্রত্যাশা এখন অবশ্য বাংলাদেশের সবারই।