টি-টোয়েন্টিতেও ভালো করতে হলে...

ক্রিকেটে বাংলাদেশের সাফল্য-ব্যর্থতার চিত্রটা বেশ অদ্ভুত। ওয়ানডে এলে পাল্টে যাচ্ছে দলের চেহারা। অথচ ক্রিকেটের সবচেয়ে বড় ও ছোট সংস্করণে কেন যেন নিজেদের ঠিক মেলে ধরতে পারে না বাংলাদেশ। এ কারণে ৫০ ওভারের ক্রিকেটে গর্ব করার মতো বাংলাদেশের অনেক কিছু থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে ব্যর্থতার পাল্লাটাই ভারী।
অনেক দিন ধরেই টি-টোয়েন্টি বাংলাদেশের গোলক ধাঁধা। রঙিন পোশাকের এক সংস্করণে ভালো করলেও আরেক সংস্করণে কেন ব্যর্থতার মিছিল? জয়ের সংখ্যায় টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান ১২ নম্বরে। ৪৪ ম্যাচে জয় মাত্র ১২টি। এ তালিকায় বাংলাদেশের ওপরে আফগানিস্তান, আয়ারল্যান্ড, এমনকি হল্যান্ড! এ বছরের হিসাব করলে বাংলাদেশ তো হংকং, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনিরও পরে! এ সংস্করণে রান ও উইকেট পাওয়ার তালিকায় সেরা দশে নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান কিংবা বোলার। ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারের ৩৮ ম্যাচে রান ৮৪৩, উইকেট ৪৫।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতার পেছনে অনভিজ্ঞতাকে বড় করে দেখা হচ্ছে সব সময়ই। জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খানও এ বিষয়ে একমত। তবে আজ থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ কিছু হবেই বলে মনে করেন দেশের জনপ্রিয় এ ধারাভাষ্যকার, ‘অভিজ্ঞতা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশে খেলে কম। আয়ারল্যান্ডকে দেখেন, ২০০৮ থেকে শুরু করে এ পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে ফেলেছে। সেখানে বাংলাদেশ ২০০৬ থেকে শুরু করে ৪৪টি। এ বছর বাংলাদেশের চেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান, স্কটল্যান্ড, হল্যান্ড। বাংলাদেশ যে তিনটি খেলেছে, তাতে জিতেছে একটিতে। সেটাও টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল দল পাকিস্তানের বিপক্ষে। আর এ বছর যে ধরনের ক্রিকেট খেলছে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্য আশা করা যেতেই পারে।’
অনেকে মনে করেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে ‘বিগ হিটারে’র বেশ অভাব। আতহার অবশ্য একমত নন। ক্রিকেটের ছোট দৈর্ঘ্যে ধারাবাহিক সাফল্য পেতে হলে বিগ হিটারের চেয়ে ‘ক্লিন হিটার’ বেশি জরুরি মনে করেন সাবেক এ ধারাভাষ্যকার, ‘টি-টোয়েন্টিতে দলে বিগ হিটার থাকতেই হবে, এমন নয়। তবে ক্লিন হিটার থাকা জরুরি। ব্যাটিং অর্ডারের প্রতিটি ধাপেই ক্লিন হিটার থাকতে হবে। প্রতি বলে চার-ছয় মারতেই হবে, তা নয়। তবে টি-টোয়েন্টিতে জিততে হলে প্রতি ওভারে ১০-১২ রান করার সামর্থ্য থাকতে হবে।’
বোলিংয়ে সাফল্যে পেতে হলে ডট বলের বিকল্প নেই। যত বেশি ডট বল, প্রতিপক্ষের ব্যাটসম্যানদের তত ঝুঁকিপূর্ণ শট খেলার সম্ভাবনা। আতহার মনে করেন, এ সুযোগটা কাজে লাগাতে হবে বাংলাদেশের বোলারদের, ‘বোলিংয়ে যত ডট বল দেওয়া যাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা তত চাপে পড়বে। ওই চাপকে ভালোভাবে কাজে লাগাতে হবে। পেসারদের ভালো লেংথে বল করতে হবে। ডেথ ওভারে প্রচুর ইয়র্কার ডেলিভারি দিতে হবে। ডেথ ওভারে দারুণ করা রুবেল হোসেন নেই এবার। মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আল আমিনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
কেবল ব্যাটিং-বোলিং নয়, জিততে হলে একই সঙ্গে দরকার আক্রমণাত্মক ফিল্ডিংও। টি-টোয়েন্টিতে এমনিতে ভাবার সময় খুব কম। মাঠে নামতে হয় সব ভেবেই। পরিস্থিতি বুঝে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। আতহার মনে করেন, ক্রিকেটের ছোট সংস্করণে আক্রমণই শেষ কথা। যে যত বেশি আক্রমণাত্মক, জয়টা তার দিকেই হেলে পড়ে, ‘টি-টোয়েন্টি এক-দুই ওভারেই ছবি পালটে যায়। এমন পরিস্থিতি যদি নিজেদের পক্ষে না থাকে, ঘাবড়ে গেলে চলবে না। নিজেদের ওপর আস্থা রেখে ছন্দটা আবার ধরে নিতে হবে। টি-টোয়েন্টিতে জেতার মূল শর্ত—সব সময় চাই আক্রমণাত্মক ক্রিকেট।’