টি-টোয়েন্টিতেও হারে শুরু লঙ্কার
টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হার। ওয়ানডেতে ১-৩। টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু হলো ছোট ফরম্যাটের ‘বড়’ দল শ্রীলঙ্কার। কাল মাউন্ট মংগানুইয়ে ৩ রানে হেরে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ০-১-তে পিছিয়ে পড়েছে লঙ্কানরা।
নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান। নিয়মিত বোলারদের কোটা শেষ হয়ে যাওয়ায় অধিনায়ক কেন উইলিয়ামসন বল তুলে দেন গ্রান্ট এলিয়টের হাতে। হারজিতের পার্থক্য গড়ে দেওয়া ওভারটিতে তাঁর হাতে বল তুলে দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণই ছিল। তবে এলিয়ট অধিনায়কের আস্থার প্রতিদানই দিলেন। লঙ্কানরা তুলতে পারল ৯ রান, হারল খুব কাছে গিয়ে।
টস জিতে ফিল্ডিং নিলেও কিউইদের ধরাছোঁয়ার সীমায় বেঁধে রাখতে পারেনি লঙ্কানরা। নতুন বলের দুই বোলার লাকমাল ও পেরেরা করেছেন ৩ ওভার করে, দিয়েছেন ৩৯ রান করে। দুর্দান্ত ফর্মে থাকা মার্টিন গাপটিল এদিনও লঙ্কান বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। মাত্র ৩৪ বলে ৪টি করে চার ও ছক্কায় সাজিয়েছেন তাঁর ৫৮ রানের ইনিংস। উইলিয়ামসন ৪২ বলে করেছেন ৫৩। কলিন মুনরোর ৩৬ আর রস টেলরের ৯ বলে ২২ কিউইদের নিয়ে যায় ১৮২-তে।
রান তাড়া করতে নেমে ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদেই পড়েছিল শ্রীলঙ্কা। লোয়ার মিডল অর্ডারে সিরিবর্ধনার ৪২, পেরেরার ২৮-এর সঙ্গে কাপুগেদারার ১৫ বলে ১৭ আর কুলাসেকেরার ১০ বলে ১৪ লঙ্কাকে নিয়ে যায় ১৭৯ রানে। ওপেনার গুনাতিলকে করেন ৪৬। কিন্তু ‘একটুর জন্য’ আক্ষেপটাই শেষ পর্যন্ত সঙ্গী শ্রীলঙ্কার। রয়টার্স, এএফপি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী পরশু অকল্যান্ডে। এটি জিততে না পারলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর থেকে তিনে নেমে যাবে সফরকারীরা।