জিম্বাবুয়ে ক্রিকেটের প্রস্তাব মানছে না বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি। আগামী মাসের বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে শুধু পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চাইলেও ক্রিকেট পরিচালনা কমিটির কালকের সভার সিদ্ধান্ত, এক টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলার পাল্টা প্রস্তাব দেওয়া হবে জিম্বাবুয়েকে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হয়ে গেছে গত নভেম্বরে। তিন টেস্টের সিরিজ খেলতে জানুয়ারিতে আবারও জিম্বাবুয়ে দলের বাংলাদেশে আসার কথা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তারা চেয়েছিল টেস্ট না খেলে শুধু পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও নাকি একই মত। কিন্তু বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাঈমুর রহমান আগেই এতে দ্বিমত প্রকাশ করেছেন। কাল সভা শেষেও বললেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শুধু টি-টোয়েন্টি ম্যাচই খেলতে হবে এমন কোনো কথা নেই। অন্য অনেক দেশই এখন টেস্ট খেলছে।’
তারপরও জিম্বাবুয়ের প্রস্তাবে আংশিক সম্মত হয়ে তিন টেস্টের পরিবর্তে জানুয়ারিতে এক টেস্ট আর তিন টি-টোয়েন্টির প্রস্তাব দেবে বিসিবি। ‘জিম্বাবুয়ের সঙ্গে আমাদের তিনটি টেস্ট খেলার কথা। আমাদের সিদ্ধান্ত, তার একটি জানুয়ারিতে খেলে জুলাই-আগস্টে জিম্বাবুয়ে গিয়ে বাকি দুটি খেলব। এখন আমরা জিম্বাবুয়ের জবাবের অপেক্ষায় আছি’—বলেছেন নাঈমুর। বিসিবির প্রস্তাবে রাজি হলে আগামী ১০ বা ১১ জানুয়ারি বাংলাদেশে আসতে পারে জিম্বাবুয়ে দল। সিরিজের ম্যাচগুলো হতে পারে খুলনা ও সিলেটে।
আলোচনা হয়েছে ‘এ’ দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। আগামী বছরের অক্টোবরে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ ‘এ’ দল শ্রীলঙ্কায় যাবে ২০১৭-এর অক্টোবরে। এ ছাড়া ইংল্যান্ড ‘এ’ দলের সঙ্গেও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা চালাবে বিসিবি।
প্রধান নির্বাচক ফারুক আহমেদের চুক্তি নবায়ন নিয়েও আলোচনা হয়েছে সভায়। ৩১ ডিসেম্বর তাঁর চুক্তি শেষ হবে। তবে পরবর্তী বোর্ড সভায় নতুন করে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত ফারুকই দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা প্রধান। জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ১৫ জন করা এবং তাঁদের বেতন ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়েছে সভায়।