টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই স্টার্ক
ডান অ্যাঙ্কেলের চোটটা ভোগাচ্ছে বেশ কিছুদিন ধরেই। মিচেল স্টার্কের সেই চোট এবার অস্ট্রেলিয়ার জন্যই বড় ধাক্কা হয়ে এল। পুরোপুরি সেরে উঠতে স্টার্ককে অস্ত্রোপচার করাতেই হবে। আর সেটা করলে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান পেসার।
নিউজিল্যােন্ডর বিপক্ষে অ্যাডিলেড টেস্টে চোট বেড়ে যাওয়ায় আর বোলিং করতে পারেননি স্টার্ক। অবশ্য পায়ে ব্যান্ডেজ নিয়ে পরে ব্যাটিং ঠিকই করেছিলেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে চিড় ধরেছে অ্যাঙ্কেলে। শিগগিরই তাই অস্ত্রোপচার করাতে হবে স্টার্ককে। অস্ট্রেলিয়া দলের ফিজিও ডেভিড বেকলি বলেছেন, ‘অস্ত্রোপচারের পর তার ফেরার সময়সীমা জানা যাবে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফেরার খুব একটা সম্ভাবনা নেই।’
অস্ত্রোপচার কবে হবে সেটি অবশ্য নিশ্চিত করেননি বেকলি। আগামী বছরের ১১ মার্চ ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এএফপি।