টি-টোয়েন্টি সিরিজেও সমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজের মতো সমতায় শেষ হলো পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজটাও। দুবাইয়ে দুই দলের প্রথম টি-টোয়েন্টিটা পাকিস্তান জিতেছিল ৭ উইকেটে। পরশু ১৭ রানে পাকিস্তানকে হারিয়ে শোধ নিল নিউজিল্যান্ড। আগামীকাল শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেও তাই থাকল জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস।
উমর গুল আর রাজা হাসানদের আঁটসাঁট বোলিংয়ে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ৮ উইকেটে ১৪৪ রান। কিন্তু রান তাড়া করতে নামা পাকিস্তানের জন্য রান তোলাটাই কঠিন করে দেন অ্যান্টন ডেভচিচ, কাইল মিলস ও জেমস নিশামরা। মিলস ও নিশাম নিয়েছেন ৩টি করে উইকেট, দুটি উইকেট পান ডেভচিচ। জয়ের জন্য শেষ ৫ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৫৪ রান, উইকেটে শহীদ আফ্রিদি। কিন্তু ১৮তম ওভারে নিশামের বলে ক্যাচ তুলে দিয়ে আফ্রিদি ফিরে যাওয়ার পর কাজটা কঠিন হয়ে যায়। ৭ বল বাকি থাকতেই পাকিস্তান অলআউট হয়ে যায় ১২৭ রানে। হারের দায় অবশ্য খানিকটা নিজের কাঁধেই নিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি, ‘আমি খুবই আশাবাদী ছিলাম জয়ের ব্যাপারে। কিন্তু ১২-১৩ বল বাকি থাকতে আমিই আউট হয়ে গেলাম।’
ঘুরে দাঁড়ানো এ জয়টাকে ওয়ানডে সিরিজের প্রেরণা হিসেবে নিচ্ছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপের আগে এই ওয়ানডে সিরিজে নিজেদের ঝালাই করে নেওয়া।’ এএফপি, ক্রিকইনফো।