টি-টোয়েন্টিতে হারল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল ইংল্যান্ড। ছবি: এএফপি
ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল ইংল্যান্ড। ছবি: এএফপি

একটা বাজিই ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিস ওকসের বলটা পাঠিয়ে দিলেন ডিপ স্কয়ারে। অনায়সে একটা রান হয়ে যায়। কিন্তু নিলেন না। আম্বাতি রাইডুকে না দিয়ে বরং নিজেই কাঁধেই দায়িত্ব তুলে নিলেন। শেষ বলে দরকার তখন ৫ রান। ধোনি পারলেন না, পারলেন না এ দফা বাজিতে জিততে! ইংল্যান্ডের বিপক্ষে টানটান উত্তেজনাময় একমাত্র টি-টোয়েন্টিতে ভারত হারল ৩ রানে।
ধোনির এ ঝুঁকিটা নেওয়া অযৌক্তিক বলা যাবে না। কারণ, সাফল্য পেতে হলে একটু ঝুঁকি তো নিতেই হয়! শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। ওকসকে ১ ছয় ও ১ চারে দুবার বাউন্ডারি পার করলেন ভারত অধিনায়ক। কিন্তু শেষ বলে অতিপ্রয়োজনীয় বাউন্ডারিটা হাঁকাতে পারলেন না। ইংল্যান্ডের দেওয়া ১৮১ রানের লক্ষ্যটা অল্পের জন্য টপকানো হলো না!
ভারতের ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক বিরাট কোহলির ‘বহুদিন’ পর রানে ফেরা। ভারতীয় ব্যাটিং সেনসেশন আজ করলেন ৪১ বলে ৬৬। ইংলিশ বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষমেশ ভারতের ইনিংস থামল ১৭৭ রানে।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলল ১৮০। সর্বোচ্চ ৭১ এল পাঁচ নম্বরে নামা মরগ্যানের ব্যাট থেকে। ৩১ বলে খেলা এ ইংলিশ ব্যাটসম্যানের ইনিংসটায় ছিল ৭টি ছয় ও ৩টি চারের মার। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি।