টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সতর্ক আকসু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ ধরা পড়ছেন, কেউ থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। কেউ শাস্তি পাচ্ছেন, কেউ সেই শাস্তি কাটিয়ে আবার ফিরছেন ক্রিকেটে। তবে অনেক চেষ্টা করেও ক্রিকেট থেকে ম্যাচ পাতানোর ভূত পুরোপুরি তাড়ানো যাচ্ছে না। পুরোপুরি স্বচ্ছ করা যাচ্ছে না খেলাটিকে। আর সেটি করা কখনো সম্ভব না-ও হতে পারে বলেই মনে করেন আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রধান রোনি ফ্ল্যানাগান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত যাতে ম্যাচ ফিক্সিং কিংবা স্পট ফিক্সিংয়ের কালো ছায়া না পড়ে সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে চান তিনি।
শুধু ক্রিকেটই নয়, আসলে ফিক্সিংয়ের ভয়াল থাবা থেকে রেহাই পাচ্ছে না অন্য খেলাগুলোও। খেলায় স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারটা তাই যথেষ্ট কঠিন বলে মনে করেন ফ্ল্যানাগান, ‘মানব চরিত্রই এমন যে আমরা হয়তো কখনোই খেলাটিকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে পারব না।’
তবে তাই বলে হার মানতে রাজি নন আকসু-প্রধান। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। ভারতে আর কদিন পরই শুরু হতে যাওয়া মাসব্যাপী এ টুর্নামেন্ট নিয়েও খুব সতর্ক আকসু। এটিকে পুরোপুরি স্বচ্ছ রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানোরই প্রতিশ্রুতি দিচ্ছেন ফ্ল্যানাগান, ‘আমার লক্ষ্য হচ্ছে, চার সপ্তাহ শেষে মানুষ যখন এ টুর্নামেন্ট নিয়ে কথা বলবে, তখন যাতে ক্রিকেট নিয়েই কথা হয়। দুর্নীতি নিয়ে নয়।’ এএফপি।