টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় 'ম্যাককালাম'
ব্রেন্ডন ম্যাককালাম অবসরে যাচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে তিনি খেলছেন না, সেটিও আগেই জানিয়ে রেখেছেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে একজন ‘ম্যাককালাম’ তারপরেও থাকছেন। তাঁর প্রথম নামটা ‘ব্রেন্ডন’ নয়, ‘নাথান’!
কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালামের বড় ভাই নাথান ম্যাককালাম। পরিবারকে আরও বেশি সময় দেওয়ার কথা ভেবে গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আভাস দিয়েছিলেন। কিন্তু ভারতীয় কন্ডিশনে স্পিনার নাথানের প্রয়োজনীয়তা অনুভব করেছেন নিউজিল্যান্ডের নির্বাচকেরা। তাঁর সঙ্গে আছেন আরও দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধি।
নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেছেন, ‘দীর্ঘদিন দলের বাইরে থাকলেও ভারতীয় উইকেটে নাথানের অভিজ্ঞতার ওপর আস্থা রাখছি আমরা। সে এবং সোধি, দুজনেরই প্রথম ৬ ওভারের মধ্যে বল করার সামর্থ্য আছে। এ কারণে কেন উইলিয়ামসনের (বিশ্বকাপে নিউজিল্যান্ড অধিনায়ক) হাতে অনেক বিকল্প থাকবে।’ এএফপি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, মিচেল ম্যাকলেনাহান, কলিন মানরো, নাথান ম্যাককালাম, হেনরি নিকোলস, লুক রনকি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর।