টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন 'ম্যাককালাম'

ব্রেন্ডন ম্যাককালাম অবসরে যাচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপটা যে তিনি খেলছেন না, সেটিও আগেই জানিয়ে রেখেছেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে একজন ‘ম্যাককালাম’ তারপরেও থাকছেন। তাঁর প্রথম নামটা ‘ব্রেন্ডন’ নয়, ‘নাথান’!
আজ সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালামের বড় ভাই নাথান ম্যাককালাম। পরিবারকে আরও বেশি সময় দেওয়ার কথা ভেবে গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আভাস দিয়েছিলেন। কিন্তু ভারতীয় কন্ডিশনে স্পিনার নাথানের প্রয়োজনীয়তাটা অনুভব করেছেন নিউজিল্যান্ডের নির্বাচকেরা। তাঁর সঙ্গে আছেন আরও দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধি।
নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেছেন, ‘দীর্ঘ দিন দলের বাইরে থাকলেও ভারতীয় উইকেটে নাথানের অভিজ্ঞতার ওপর আস্থা রাখছি আমরা। সে এবং সোধি, দুজনেরই প্রথম ৬ ওভারের মধ্যে বল করার সামর্থ্য আছে। এ কারণে কেন উইলিয়ামসনের (বিশ্বকাপে নিউজিল্যান্ড অধিনায়ক) হাতে অনেক বিকল্প থাকবে। নাথানের উপস্থিতি দলের বোলিং আক্রমণকে বৈচিত্র্যময় করবে।’
লুক রনকির পাশাপাশি নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়া হয়েছেন তরুণ উইকেটরক্ষক হেনরি নিকোলসকে। দল থেকে বাদ পড়েছেন ম্যাট হেনরি। চোটাক্রান্ত হলেও দলে জায়গা পেয়েছেন টিম সাউদি, রস টেলর ও মিচেল ম্যাকক্লেনাহান। কোচ হেসন আশা করছেন, টুর্নামেন্ট শুরুর আগেই এই তিন ক্রিকেটার সুস্থ হয়ে উঠবেন।
বিশ্বকাপে কিউইদের নেতৃত্বে থাকছেন কেন উইলিয়ামসন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, মিচেল ম্যাকক্লেনাহান, কলিন মুনরো, নাথান ম্যাককালাম, হেনরি নিকোলস, লুক রনকি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর। সূত্র: এএফপি।