টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে সাকিব

সাকিব আল হাসান উঠে এসেছেন টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঢুকেছেন সাকিব আল হাসান। সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে এ সংস্করণে বোলারদের তালিকায় ৯ নম্বরে আছেন এই বাঁহাতি। ২০১৯ সালের পর এই প্রথম এ সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠলেন তিনি।

গত মাসে অস্ট্রেলিয়া সিরিজের পর সাকিব ছিলেন ১২ নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে কোনো উইকেট না পেলেও প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। মিচেল স্যান্টনার, মোস্তাফিজুর রহমান ও ইশ সোধিকে টপকে নয়ে উঠে এসেছেন তিনি।

মোস্তাফিজ আছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে
ছবি: প্রথম আলো

আগের মতোই ১০ নম্বরে আছেন মোস্তাফিজ। ২০১৯ সালে আইসিসির নিষেধাজ্ঞার আগে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে ছিলেন সাকিব।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশ অফ স্পিনার মেহেদী হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ৯১ নম্বরে থাকা মেহেদী তিন ম্যাচ শেষে উঠে এসেছেন ২৪ নম্বরে, মানে ৬৭ ধাপ উন্নতি হয়েছে তাঁর। নিউজিল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। মেহেদীর সঙ্গে উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদেরও। ২৭ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন তিনি।

সাকিব আল হাসান টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উঠেছেন চার নম্বরে
ছবি: প্রথম আলো

আগের মতোই টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার তাব্রেইজ শামসি। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড ম্যালান, অলরাউন্ডারদের তালিকায় ১ নম্বরে আছেন সাকিবই।

এদিকে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচের পর টেস্ট র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের নয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। ওভালে ৭ উইকেট নেওয়ার সঙ্গে প্রথম ইনিংসে ফিফটিতে দুই ধাপ এগিয়েছেন তিনি। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জেসন হোল্ডার।

মেহেদী হাসান টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬৭ ধাপ এগিয়েছেন
ছবি: প্রথম আলো

গত সপ্তাহে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে ছিলেন সাকিব। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম চার টেস্ট না খেলায় এক ধাপ নিচে নেমে গেছেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন, তাঁর পজিশনে উঠে এসেছেন সাকিব।

অদলবদল হয়েছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে ১০ নম্বরে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। নয়ে উঠে এসেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ওয়ানডেতে বোলার ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি।