টি-টোয়েন্টি মানেই অন্য ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল যেন এক ঠেলাগাড়ি। সাবেক কিংবদন্তিরা সমালোচনা করেন (ঠেলা দেন)। এক-দুই ম্যাচে দল পারফরম্যান্স একটু ভালো দেখায়। ঠেলা বন্ধ তো গাড়ি চলাও বন্ধ। এ বছর ৬ টেস্ট খেলে ক্যারিবিয়ানরা জয় পেয়েছে ২টি, হেরেছে ৪টি। সর্বশেষ ১০ টেস্ট সিরিজে জয় মাত্র একটি, সে-ও ২০১৪ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে। ১টি সিরিজ ড্র করেছে, হেরেছে বাকি ৮টিতে। ওয়ানডের চেহারাটাও প্রায় একই রকম। সর্বশেষ ১০ ওয়ানডেতে জয় মাত্র ২টিতে এ বছর ঘরের মাঠে ৩টি ওয়ানডে সিরিজ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি তারা।
কিন্তু টি-টোয়েন্টি সংস্করণে যেন দেখা মেলে অন্য চেহারার ওয়েস্ট ইন্ডিজের। বিশ্ব টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা যেমন কাল ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে জিতেছে ২১ রানে। সর্বশেষ ৭ টি-টোয়েন্টিতে জিতেছে ৬টিতেই। ‘ভয়ডরহীন’ ক্রিকেটের পুরোনো ক্যারিবীয় ঝলক এখন শুধু ক্রিকেটের ছোট সংস্করণেই খুঁজে পাওয়া যায়।
চেস্টার লি স্ট্রিটে গতকাল প্রথমে ব্যাট করে তোলা ১৭৭ রানের পুঁজিতে ম্যাচটা জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড গুটিয়ে গেছে ১৫৫ রানেই। ক্যারিবীয়দের ইনিংসে ২৮ বলে ৫১ রান করেছিলেন এভিন লুইস। ইংল্যান্ডকে বল হাতে আটকে রাখেন সুনীল নারাইন। ১৫ রানে ২ উইকেট নিয়েছেন এই অফস্পিনার।
পূর্ণ শক্তির দল ছিল ইংলিশদের। সে তুলনায় দুর্বল ছিল ক্যারিবীয়রা। ব্রাভো-রাসেল-পোলার্ডরা অনুপস্থিত থাকলেও ঠিকই সামলে নিয়েছেন গেইল-নারাইনরা। অন্য ফরম্যাটের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের পার্থক্য হয়তো এখানেই। গেইল, স্যামুয়েলসরা টেস্ট দলে নেই। কিন্তু ২০ ওভারের খেলায় বিশেষজ্ঞ খেলোয়াড়ের অভাব নেই তাদের। লুইস, পাওয়েল, কুপার বা উইলিয়ামসরা বুঝিয়ে দিচ্ছেন, টি-টোয়েন্টিতে ক্যারিবীয় দাপটটা হয়তো থাকবে আরও বেশ কিছুদিন। সূত্র: ক্রিকইনফো