টি-টোয়েন্টি সিরিজের কিউই দল
টম ল্যাথামের দুর্দান্ত এক সেঞ্চুরি প্রথম ওয়ানডেতে জিতিয়েছে নিউজিল্যান্ডকে। তবে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দারুণ কিছু করার সুযোগ তিনি পাবেন না। কারণ নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেওয়া হয়নি এই ওপেনারকে। টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত কিউই দলে নেই টিম সাউদিও। টি-টোয়েন্টিতে সাউদির বিশ্রামের বিষয়টি অবশ্য আগেই জানানো হয়েছে। তাঁর জায়গায় এক বছর পর ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন হুইলার। একেবারেই নতুন মুখ টম ব্রুস। ডানহাতি এই মারকুটে ব্যাটসম্যান এ বছর টি-টোয়েন্টিতে আছেন অবিশ্বাস্য ফর্মে। এবারের সুপার স্ম্যাশে ১৭১ স্ট্রাইক রেটে ২১৪ রান ব্রুসের। নির্বাচক গ্যাভিন লারসেন ব্রুসকে দলে ডাকতে পেরে উচ্ছ্বসিত, ‘টি-টোয়েন্টিতে শক্তি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মার্টিন, কোরি ও দুই কলিনের সঙ্গে ব্রুসের খেলার সম্ভাবনা খুবই রোমাঞ্চকর।’
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মানরো, জিমি নিশাম, লুক রনকি (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, ইশ সোধি, বেন হুইলার। সূত্র: রয়টার্স।