টি-টোয়েন্টিটা দ্রুতই শিখুক বাংলাদেশ

ওয়ানডেতে বাংলাদেশ এখন ভয় জাগানিয়া এক দল। জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই আমরা দেখছি বদলে যাওয়া এক বাংলাদেশকে। সবাই ভেবেছিল এই সাফল্যের ছোঁয়ায় বদলে যাবে আমাদের টি-টোয়েন্টি পারফরম্যান্সও। কিছু দিন আগেই পাকিস্তানের সঙ্গে একমাত্র টি-টোয়েন্টিতে অনায়াসলব্ধ জয় সেই প্রত্যাশার ফানুসটাকে ফুলিয়ে-ফাপিয়ে তুলেছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আবারও সেই পুরোনো বাংলাদেশ।
এই ম্যাচে পরাজয়ের জন্য মূল কারণ বাংলাদেশের ব্যাটিং। ভালো বোলিং-ফিল্ডিংয়ে প্রোটিয়াদের মাত্র ১৪৮ রানে আটকে দিলেও এই রান বাংলাদেশ তাড়া করতে পারেনি। অথচ এই ব্যাটসম্যানরাই কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে দেশকে উপহার দিয়েছেন দুর্দান্ত সব নৈপুণ্য। ব্যাট হাতে ইনফর্ম একটি দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যেভাবে কুঁকড়ে গেল, তাতে সামনে চলে এসেছে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বাংলাদেশের চিরন্তন ব্যাটিং দুর্বলতার বিষয়টি। বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ধরতেই পারছেন না ২০ ওভারের ক্রিকেটে ব্যাটটা কীভাবে করতে হয়!
টি-টোয়েন্টির শুরুর সময় অনেকেই মনে করেছিলেন এই ফরম্যাটে বাংলাদেশ ভালো করবে। খেলার মার-কাট বিষয়টার সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের ছটফটে স্বভাবটাকে মিলিয়েই হয়তো এমনটা ভাবা হয়েছিল। কিন্তু আদতে দেখা গেছে, এই খেলাটাই বাংলাদেশ সবচেয়ে খারাপ খেলে। পরিসংখ্যানই বলছে, টি-টোয়েন্টি খেলতে নামলেই মানসিকভাবে কুঁকড়ে যান বাংলাদেশি ক্রিকেটাররা। কারণ অনেক মারকুটে ব্যাটসম্যানদের ক্যারিয়ার স্টাইকরেটের সঙ্গে এই ফরম্যাটে তাদের স্ট্রাইকরেটের যে কোনোই মিল নেই।
টি-টোয়েন্টি ক্রিকেটে দলের স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইকরেট সাকিব আল হাসানের। কত জানেন? মাত্র ১২৬.৮৯! ১১৬ স্ট্রাইক রেট নিয়ে এরপরের স্থান মুশফিকুর রহিম আর নাসির হোসেনের। অথচ, টি-টোয়েন্টিতে যার ঝড় তোলার কথা, সেই তামিম ইকবালের স্ট্রাইকরেট এখানে ১০৬.৯। আরোও অবাক হতে হয় যখন যানবেন, সাব্বিরের টি-টোয়েন্টি স্ট্রাইকরেট ওয়ানডের চেয়েও কম!
স্টাইকরেটে সবাইকে ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা! ১৩৬.৯২ স্ট্রাইকরেট নিয়ে তিনি যেন পরিহাস করছেন দলের শীর্ষ ব্যাটসম্যানদের। এই একটি ব্যাপারই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং-দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? সৌম্য সরকার গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছেন, তিনি এই মুহূর্তে বোর্ডের কাছ থেকে অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ প্রত্যাশা করেন। এখন সৌম্যদের চাহিদা মিটতে পারে কেবল ঘরোয়া প্রতিযোগিতার মাধ্যমেই। অনেক আশা নিয়ে মাঠে গড়ানো বিপিএল যেখানে নানা প্রতিকূলতার সম্মুখীন সেখানে ভিন্ন আয়োজনে টি-টোয়েন্টিকে মাঠে না ছাড়াটা ক্রিকেটের কর্তাব্যক্তিদের ব্যর্থতার পর্যায়েই পড়ে। তারা যত তাড়াতাড়ি এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে আমাদের উন্নতিটা হবে তত দ্রুত।