কোল ম্যাকনকিকে পরপর দুই বলে দুই সুইপ শটে চার মারার পর আবারও স্লগের চেষ্টায় আউট হলেন লিটন দাস। আগের দুই ম্যাচের তুলনায় তৃতীয় ম্যাচে উইকেট ব্যাটিংয়ের জন্য একটু কম কঠিন থাকলেও লিটন যেন মানিয়ে নিতেই পারলেন না আর।
ম্যাকনকি বলের গতি কমিয়ে এনেছিলেন, লিটন ধোঁকা খেয়েছেন তাতেই। লিটন বলছেন, টি-টোয়েন্টিতে সাধারণত যে মানসিকতা থাকে, সেটার পর এমন উইকেটে মানিয়ে নেওয়াটা কঠিনই।
অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলা হচ্ছে স্পিন-সহায়ক উইকেটে। সর্বশেষ ম্যাচে অবশ্য উইকেটের ধরন একটু আলাদাই মনে হয়েছে।
তবে লিটন বলছেন, চ্যালেঞ্জটা কমছে না, 'ব্যাটিংয়ের জন্য কন্ডিশন একটু তো চ্যালেঞ্জিং-ই। কারণ গত তিন ম্যাচই দেখেন লো-স্কোরিং হয়েছে। শুধু আমরা না, তাদের ব্যাটসম্যানরাও ধুঁকছে। এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ। কারণ, টি-টোয়েন্টিতে সবসময় মানসিকতা থাকে বড় স্কোর গড়ার বা বেশি স্ট্রাইক রেট রাখার। যেহেতু এ জিনিসটা হচ্ছে না, খেলাটা তাই বদলে ফেলতে হচ্ছে। তবে এটা কঠিন। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম উইকেটে মানিয়ে নেওয়া একটু কঠিন। কারণ প্রতিটি ব্যাটসম্যানই একটু আক্রমণাত্মক মেজাজে থাকে।'
এ উইকেটে কী করতে হবে, সেটা সম্বন্ধে অবশ্য ধারণা আছে বাংলাদেশ ওপেনারের, 'আমার কাছে যে জিনিসটা মনে হয়, (এখানে)স্কোর করাটা এত সহজ না। বাউন্ডারি মারাটা আরও কঠিন। আমার কাছে মনে হয় সিঙ্গেল নেওয়ার দিকে একটু বেশি নজর দিতে হবে। রানিং বিটুইন দ্য উইকেটের দিকেও নজর দিতে হবে।'
শেষ ম্যাচে রান তাড়ায় লিটনের সঙ্গে মোহাম্মদ নাঈমের ওপেনিং জুটিতে বাংলাদেশের শুরুটা ইতিবাচকই হয়েছিল। তবে লিটনের উইকেটের পরই ধস নেমেছে বাংলাদেশের ইনিংসে, সেটার চাপ আর সামাল দিতে পারেনি তাঁরা।
এতে নিজের দায়টাও দেখছেন লিটন, 'আমার মনে হয়, আমি আর নাঈম শুরুটা ভালো করেছিলাম। যদি ওই জায়গাটায় আরেকটু ভেবে-চিন্তে ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম- তাহলে জিনিসটা সহজ হয়ে যেত। কারণ দ্বিতীয় ম্যাচেও আমার ও নাঈমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজ ব্যাটিং করতে পেরেছে। এরকম সুযোগ আসলে পরের বার চেষ্টা করবো ইনিংসটা বড় করার জন্য।'