টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা পাঁচ পারফরম্যান্স

>জিম্বাবুয়ের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন আরেকটি সিরিজ খেলার আগে এক নজরে দেখে নেওয়া যাক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা পাঁচ সাফল্য
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্য ওয়ানডের মতো বা ওয়ানডের চেয়ে বেশি, সেটা কেউ দাবি করবে না। তবু এই ফরম্যাটে বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছেন তামিম-মুশফিকরা। এক নজরে দেখে নেওয়া যাক তেমন পাঁচটি সাফল্য—
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি, ২০০৭
টি-টোয়েন্টিতে তথাকথিত বড় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ছিল এটা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড টি-টোয়েন্টির গ্রুপপর্বের ম্যাচে সেদিন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান, ডেভন স্মিথ, ডোয়াইন ব্রাভোদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মোটামুটি প্রত্যেকটা নামই টি-টোয়েন্টির জন্য যথেষ্ট ভীতি-জাগানিয়া। কিন্তু সেদিন গেইলদের পায়ে শেকল পরিয়ে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। সৈয়দ রাসেলের বলে প্রথম ওভারেই আউট হয়ে যান গেইল, রানের খাতা না খুলে। পরে ডেভন স্মিথের ফিফটি ও ডোয়াইন স্মিথ, চন্দরপল, স্যামুয়েলসের ছোট ছোট ইনিংসের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে ক্যারিবীয়রা। চার উইকেট নেওয়া সাকিব বা দুই উইকেট নেওয়া রাজ্জাকের চেয়ে সেদিন বেশি চমকে দিয়েছিলেন চার ওভারে মাত্র দশ রান দেওয়া রাসেল। পরে আফতাব আহমেদ (৪৯ বলে ৬২) ও মোহাম্মদ আশরাফুলের (২৭ বলে ৬১) দুটি ষাটোর্ধ্ব ইনিংসের ওপর ভর করে ছয় উইকেটের জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ বনাম পাকিস্তান, এশিয়া কাপ, ২০১৬
উপমহাদেশের প্রতিপক্ষদের মধ্যে সবার আগে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টিতে বশ মানে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে গোটা ইনিংস তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মাশরাফি বিন মুর্তজাদের বোলিংয়ে হাঁসফাঁস করেছে পাকিস্তান। পাকিস্তানের হয়ে বলার মতো খেলতে পেরেছেন শুধুই সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে আলো ছড়ান সৌম্য সরকার (৪৮ বলে ৪৮ রান)।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, নিদাহাস ট্রফি, ২০১৮
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়গুলোর মধ্যে দুটি দাপুটে জয় এসেছে ২০১৮ নিদাহাস ট্রফিতে। গ্রুপ পর্বের ম্যাচটায় প্রথমে ব্যাট করতে নেমে দুই কুশল - পেরেরা (৪৮ বলে ৭৪) ও মেন্ডিসের (৩০ বলে ৫৭) ঝড়ে রান পাহাড়ে চেপে বসে লঙ্কানরা। শেষ দিকে ১৫ বলে ৩২ রানের একটা ক্যামিও খেলেন উপুল থারাঙ্গা। ২১৫ রানের লক্ষ্যে জবাব দিতে নেমে মুশফিকুর রহিমের ৩৫ বলে ৭২ ও তামিম (২৭ বলে ৪৭), লিটনের (১৯ বলে ৪৩) দুটি ‘প্রায়’ ফিফটির ওপর ভর করে দুই বল হাতে রেখে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জেতে বাংলাদেশ। ম্যাচসেরা হন মুশফিক।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, নিদাহাস ট্রফি সেমিফাইনাল, ২০১৮
ফাইনালে উঠতে হলে ম্যাচটা জিততেই হবে—১৬ মার্চ দুই দলের সামনে ছিল একই সমীকরণ। শ্রীলঙ্কার দেওয়া ১৬০ রানের লক্ষ্য খেলতে নেমে কত ঘটনা যে ঘটল সেদিন প্রেমাদাসায়। পেন্ডুলামের মতো ঝুলতে থাকা ম্যাচ থমকে দাঁড়াল আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে। আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান রেগেমেগে অপরাজিত দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও রুবেল হোসেনকে চলে আসতে বলেছিলেন মাঠ ছেড়ে। উত্তেজনা পেরিয়ে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ-রুবেল ফিরে গিয়েছিলেন। ২ বলে দরকার ছিল ৬ রান। শ্বাসরুদ্ধকর মুহূর্তে ছক্কা মেরে মাহমুদউল্লাহ মিলিয়েছিলেন সমীকরণ।
বাংলাদেশ বনাম ভারত, ২০১৯
এই ম্যাচের স্মৃতি এখনো তরতাজা। এর আগে ভারতের বিপক্ষেই বিশ্বকাপের ম্যাচে জিততে জিততে শেষ মুহূর্তে হেরে বসেছিল বাংলাদেশ। ক্ষত মোচন হয় কি? ওটা ছিল বিশ্বকাপের ম্যাচ। কিন্তু গত নভেম্বরে বাংলাদেশের এ জয়টা এসেছিল দ্বিপক্ষীয় সিরিজে। দলের দুই প্রাণভোমরা তামিম-সাকিব নেই। গুরুদায়িত্ব বর্তেছিল বাকি দুজনের কাঁধে। মঞ্চ আলাদা আর চাপ তুলনামূলক কম হলেও চ্যালেঞ্জটা ছিল প্রায় একই। সেই ভারত! সেই শেষ ওভার! শুধু ফলটা আলাদা। মুশফিক-মাহমুদউল্লাহ, এবার পেরেছিলেন। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাঈম-সৌম্যর দুটি ছোট অথচ কার্যকরী ইনিংসের ওপর ভর করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন এই দুজন। ৪৩ বলে ৬০ রান করে মূল কাজটা মুশফিকই করেছিলেন। মাহমুদ উল্লাহর ৭ বলে ১৫ রানের ইনিংসটা ছিল অনেকটা ‘আইসিং অন দ্য কেক’–এর মতো।