টি-টোয়েন্টিতে ভারতকে হারানো হলো না অস্ট্রেলিয়ার
ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হেরে বসেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজে সে বদলা নেওয়ার ভালো সুযোগ পেয়েছিল দলটি। টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়া মূল পেসারদের আগেই বিশ্রামে পাঠিয়ে দিয়েছিল। আজ সেখান থেকে ছিটকে গেছেন মিচেল স্টার্কও। ১৯৫ রানের লক্ষ্যটাও তাই খুব একটা অনতিক্রম্য মনে হচ্ছিল না শন অ্যাবট, ড্যানিয়েল স্যামস ও অ্যান্ড্রু টাইয়ের পেস আক্রমণের সামনে।
অস্ট্রেলিয়ার দুর্বল বোলিং আক্রমণ পারেনি ভারতকে আটকাতে। শেষ ওভার পর্যন্ত খেলা গড়ালেও হার্দিক পান্ডিয়ার ২২ বলে ৪২ রানের এক ঝড় ভারতকে ৬ উইকেটের জয় এনে দিয়েছে। ২ বল হাতে রেখে পাওয়া এ জয়ে সিরিজ নিশ্চিত হয়েছে। এ নিয়ে টি-টোয়েন্টিতে টানা পাঁচ সিরিজ জিতলেন কোহলিরা। শুরু থেকেই প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে গড়া ইনিংসেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত।
অ্যান্ড্রু টাইয়ের এক নো বল দিয়ে ঝড় শুরু হলো, থামাতে সেই টাইকেই ফিরতে হলো বোলিংয়ে। তাড়া করতে নেমে প্রথম দুই ওভারে বেশ শান্তই ছিলেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। ২.৩ ওভার পর্যন্ত ভারতের রান ছিল ১২। চতুর্থ বলটা নো বল হলো, ফ্রি হিট পেল ভারত। সেখান থেকে ছক্কা মেরে শেকল ভাঙলেন রাহুল। এমনই সে ঝড় যে পঞ্চম ওভার শেষে ভারতের রান ৫৬। অর্থাৎ পরের ২.৩ ওভারে ৪৪ রান তুলেছেন দুই ওপেনার! পাওয়ার প্লের শেষ ওভারে টাই ফিরলেন। প্রথম বলে কোনো রান এল না, পরের বলটা উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পড়লেন রাহুল (৩০)। ৫৬ রানেই ভাঙল উদ্বোধনী জুটি।
সঙ্গীকে হারিয়ে ধাওয়ানও একটু যেন ধার হারালেন। এরপরও উইকেটে আরও ৬ ওভার ছিলেন উইকেটে। ৫২ রান করেছেন মাত্র ৩৬ বলে। কিন্তু ওই ছয় ওভারে মাত্র দুবার সীমানা ছাড়িয়েছে ধাওয়ানের শট। প্রথম ১১ বলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রান তোলা ধাওয়ান শেষ দিকে সিঙ্গেলস আর ডাবলসকেই ভরসা মানছিলেন। অ্যাডাম জাম্পার প্রথম ওভারে আবার আগ্রাসী হতে গিয়ে আউট ধাওয়ান। সীমানাতেই ধরা পড়লেন ওপেনার। ভারতের তৃতীয় উইকেটের পতনও একই ঢঙে। ছক্কা মারতে গিয়ে লং অফে আউট সঞ্জু স্যামসন (১৫)। ১০ বলের ইনিংসে একটি চার ও বিশাল এক ছক্কা ছিল।
এতক্ষণ যেন পার্শ্ব চরিত্র হয়েছিলেন কোহলি। অপর পাশে পান্ডিয়া থাকা সত্ত্বেও এবার আক্রমণের দায়িত্ব বুঝে নিলেন কোহলি, টাইয়ের তৃতীয় ওভার থেকে ২ চার ও এক ছক্কায় ১৮ রান তুলে নিলেন। নিমেষেই জয়ের সমীকরণটা ৩০ বলে ৫৪–তে নেমে এল। পরের ওভারে কোনো বাউন্ডারি এল না। মরিয়া কোহলি তাই ১৭তম ওভারের প্রথম বলেই হাত চালিয়ে খেলতে গেলেন। অভিষিক্ত স্যামসের বলটি বেশ বাইরে ছিল, গতিও কমিয়ে দেওয়া হয়েছিল। টাইমিংয়ে গরমিল, বল কোহলির ব্যাট ছুঁয়ে ম্যাথু ওয়েডের গ্লাভসে। ২৪ বলে ৪০ রান করে ফিরলেন ভারত অধিনায়ক।
পান্ডিয়া ও শ্রেয়াস আয়ার অবশ্য হাল ছাড়লেন না। ১১ বলে ২১ রান তুলে ম্যাচ জমিয়ে রাখলেন। শেষ ২ ওভারে ২৫ দরকার ছিল ভারতের। টাইয়ের ১৯তম ওভারে দুটি বল সমীকরণ জটিল করে দিল। টানা দুই চার মেরে ওই ওভার থেকে ১১ রান তুললেন পান্ডিয়া।
৬ বলে দরকার ১৪ রান। স্ট্রাইকে পান্ডিয়া। প্রথম বলে এল ২ রান। পরের বলেই ছক্কা। পরের বল বাউন্সার। কোনো রান হলো না। ৩ বলে দরকার ৬ রান। পান্ডিয়া অত ঝামেলায় গেলেন না। বিশাল এক ছক্কায় দুই বল বাকি থাকতেই জয় এনে দিলেন ভারতকে। এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত।