টি-টোয়েন্টিতেই ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন পূজারা

>পূজারা স্বীকার করেছেন, ক্রিকেটের ভবিষ্যৎ সীমিত ওভারের ক্রিকেট। কিন্তু তারপরেও দীর্ঘ পরিসরের ক্রিকেটেরই বড় ভক্ত তিনি। বলেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চেয়েও দারুণ ব্যাপার।
চেতেশ্বর পূজারার ডাক পড়ে সাদা পোশাকের ক্রিকেটেই। হাল আমলের জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট, এমনকি ওয়ানডে ক্রিকেটেও তাঁর কোনো জায়গা নেই। ক্রিকেটে ব্যাটিং যে কেবল ধুমধাড়াক্কা পিটুনি নয়, দারুণ এক তপস্যা—এমন ধারণা যখন বিলুপ্ত হওয়ার পথে, তখন পূজারাদের মতো ব্যাটসম্যানরা ক্রিকেট রোমান্টিকদের মনে আশার সঞ্চার করেন। ক্রিকেটে এখনো যে শিল্পের ব্যাপারটা টিকে আছে, সেটি তো পূজারাদের জন্যই। এই পূজারাদের পেছনে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি মালিকেরা টাকার থলে নিয়ে ছোটেন না। রঙিন ক্রিকেটের বর্ণিল আলোয় খুঁজে পাওয়া যায় না তাঁদের। কিন্তু এই পূজারারাই অনাবিল আনন্দের উৎস হয়ে ওঠেন ক্রিকেটবোদ্ধাদের জন্য। সেই পূজারাই স্বীকার করলেন, টি-টোয়েন্টি আর ওয়ানডেই ক্রিকেটের ভবিষ্যৎ। তবে একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ৫০ ব্যাটিং গড়ের এই ব্যাটসম্যান জানিয়ে দিয়েছেন, তাঁর কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ানডে বিশ্বকাপ জয়ের চেয়েও দারুণ ব্যাপার।
টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ হলেও পূজারা খুশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করায়। তিনি মনে করেন, এই প্রতিযোগিতা টেস্ট ক্রিকেটকে নতুন মাত্রা দিয়েছে। তাঁর ভাষ্য, ‘সাবেক ক্রিকেটাররা তো বটেই, এখনকার ক্রিকেটারদের অনেকেই এটা স্বীকার করবেন, টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটের শুদ্ধতম সংস্করণ।’
তবে কি পূজারা কখনোই টি-টোয়েন্টি কিংবা টেস্ট খেলতে চান না? সৌরাষ্ট্রের এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি রঙিন পোশাকে ভারতকে প্রতিনিধিত্ব করতে চান, ‘অবশ্যই আমি ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে চাই। কিন্তু আপনি যখন যেকোনো একটি সংস্করণেই খেলবেন, তখন সেই সংস্করণে সফল হওয়ার জন্য পরিশ্রম করবেন। নিজের সর্বোচ্চটা দিয়ে আপনি সে সংস্করণে সফল হওয়ার চেষ্টা করবেন। আমার ব্যাপারটা এসেছে সেই ছোটবেলা থেকেই— দীর্ঘ ইনিংস খেলতে ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ ধরে রাখা। সৌরাষ্ট্রের হয়ে অনূর্ধ্ব-১৪ ক্রিকেট খেলার সময় থেকেই আমার মধ্যে দীর্ঘ মনোযোগের ব্যাপারটি ঢুকে যায়।’
কিন্তু যে যুগে শট খেলে দ্রুত রান তোলাই সবার লক্ষ্য, সে যুগে পূজারাদের মতো স্থিতধী ক্রিকেটাররা কি নিজেদের উপযোগিতা হারিয়ে ফেলছেন না? ব্যাপারটা অস্বীকার না করলেও জানিয়ে দিয়েছেন, তিনি টেস্ট ক্রিকেটের পক্ষেই আছেন সব সময়, ‘আমি এটা অস্বীকার করি না যে রক্ষণাত্মক ক্রিকেটের দিন শেষ হয়ে আসছে। এটা বুঝতে পারি, যখন দেখি এ যুগের তরুণ ক্রিকেটাররা সবাই শট খেলে। অবশ্যই ক্রিকেটের ভবিষ্যৎ টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট নিয়ে। তারপরও আমি কিন্তু টেস্ট ক্রিকেটের কড়া ভক্ত।
টেস্ট ক্রিকেটে এ যুগে পূজারার পরিসংখ্যান কিন্তু চমকে দেওয়ার মতোই। ৭৫ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ৫ হাজার ৭৪০ রান। ৫০ গড়ে ১৮ সেঞ্চুরির রেকর্ডটা কিন্তু তাঁকে ইতিহাসেই স্থান করে দিচ্ছে। এমন রেকর্ড যাঁর, তাঁর কিন্তু সীমিত ওভারের ক্রিকেট খেলার খুব একটা প্রয়োজন নেই।