
চোটের কারণে লাসিথ মালিঙ্গার বেছে বেছে টুর্নামেন্ট খেলার ইচ্ছে নাকি পছন্দ হচ্ছিল না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি)। বোর্ডকে স্বস্তি দিয়ে পরশু মালিঙ্গা নিজেই সরে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে। তবে এসএলসির সহসভাপতি মোহন ডি সিলভা জানিয়েছেন, ‘মালিঙ্গা শুধু একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ দলে থাকতে চায়।’
মালিঙ্গা সরে দাঁড়ানোয় দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে বাকি দুই সংস্করণের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কাঁধে।
চোটের কারণে দুই মাসের বেশি সময় দলের বাইরে থাকার পর ফিরেই এশিয়া কাপে দলকে জিতিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। কিন্তু সেই আনন্দ খুব বেশি স্থায়ী হয়নি তাঁর, আবারও চোট পেয়ে ছিটকে গেলেন এশিয়া কাপের বাকি ম্যাচগুলো থেকেই। এভাবে ম্যাচের পর ম্যাচ বসে থেকে আর দলের হার দেখতে দেখতে বোধ হয় কিছুটা হতাশাই পেয়ে বসল মালিঙ্গাকে। অধিনায়কের পদ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন! ক্রিকইনফো।