টি-টোয়েন্টিতেও নবীদের জয়
জয়ের ধারাবাহিকতা ধরে রাখল আফগানিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের পর কাল বুলাওয়েতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৫ বল বাকি থাকতেই জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে আফগানরা।
ক্রিকেটীয় ঐতিহ্যে যতই ব্যবধান থাক, আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে আফগানিস্তান। সেটাই যেন দেখিয়ে দিল তারা। উদ্বোধনী জুটিতে ১০০ রান তোলার পরও জিম্বাবুয়ে যে ১৫৩ রানের বেশি করতে পারল না, তার কারণ রশিদ খান, দওলত জাদরান ও আমির হামজার নিয়ন্ত্রিত বোলিং। ২৯ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন দওলত। ১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পঞ্চম উইকেটে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন মোহাম্মদ নবী ও নজিবুল্লাহ জাদরান। নবী ৩৩, জাদরান ৩৭ রান করেন। এর আগে ওপেনার মোহাম্মদ শাহজাদ করেন ২১ বলে ৩৪ রান।
কাল সিরিজের শেষ টি-টোয়েন্টিটি হবে বুলাওয়েতেই। তথ্যসূত্র: ক্রিকইনফো।