টি-টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁলেন গেইল

যুবরাজ সিং কী বেন লাফলিনকে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন? না জানালে খুব দ্রুতই জানিয়ে দেওয়া উচিত। কদিন পরেই টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে অস্ট্রেলিয়া যাবেন যুবরাজ, তখনো সামনাসামনি কৃতজ্ঞতা জানিয়ে দিতে পারেন তিনি। আজ লাফলিন ঠিক সময়ে ইয়র্কারটা দিয়েছিলেন বলেই তো বেঁচে গেলেন যুবরাজ। রেকর্ডের পাতা থেকে যুবরাজকে সরিয়ে দেওয়ার যে ‘কুটচাল’ চালছিলেন গেইল সেটি পূর্ণতা পেল না এই পেসারের কারণেই।
লাফলিন সে যাত্রা বাঁচিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। ক্রিস গেইল ঠিকই ছুঁয়েছেন যুবরাজকে। স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ডে যুবরাজের একক রাজত্বে ভাগ বসিয়েছেন গেইল। আজ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছেন গেইল। টি-টোয়েন্টির শুরুর দিকে সেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন যুবরাজ। এরপর টি-টোয়েন্টির মহোৎসবেও নিরাপদে ছিল যুবরাজের এই রেকর্ড। ৮ বছর পর সেই রেকর্ডে ভাগ বসালেন গেইল।
বিগ ব্যাশের সেমি ফাইনালে ওঠার জন্য মেলবোর্ন রেনেগেডসকে ১৬ ওভারে ১৭১ রান করতে হতো আজ। কঠিন লক্ষ্য পেয়ে ঝড় তুললেন গেইল। প্রথম ওভারেই টানা চারটি ছয়, ওয়েস্ট ইন্ডিজের ওপেনারের রান ২৬। পরের চার বলে আরও ১৮ রান। ১০ বলে ৪৪! টি-টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ড থেকে মাত্র ১টি ছক্কার দূরত্ব। তখনই লাফলিনের সেই ইয়র্কার। গেইল নিতে পারলেন মাত্র ১ রান। পরের বলটি অবশ্য আর হাতছাড়া করেননি। ট্রাভিস হেডকে লং অন দিয়ে মারা সেই ছক্কাতেই ছুঁয়ে ফেললেন রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির সঙ্গে সঙ্গে দ্রুততম ফিফটির রেকর্ডটিও এখন গেইলের। ২০১৩ সালে আইপিএলে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
রেকর্ড গড়ে অবশ্য আর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি গেইল। ১৭ বলে ৫৬ রান করেই আউট হয়েছেন তিনি। তাঁর দলও পারেনি সেমি ফাইনালে উঠতে, ১৪৩ রানে অলআউট হয়ে গেছে মেলবোর্ন। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড