টিকিটের চাপে ভালো খেলতে পারেননি জায়েদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ দারুণ বল করেছেন রাহি। ছবি: প্রথম আলো
আজ দারুণ বল করেছেন রাহি। ছবি: প্রথম আলো

গত বিপিএলে যে কজন তরুণ খেলোয়াড় আলো ছড়িয়েছিলেন, আবু জায়েদ তাঁদের একজন। কিন্তু এবার শুরুটা খুব একটা ভালো হয়নি খুলনা টাইটানসের পেসারের। যদিও ভালো করার সব মঞ্চই তৈরি ছিল তাঁর জন্য। বিপিএল শুরু হয়েছে তাঁর শহর সিলেটে। নিজের উঠানে যে দুটি ম্যাচ খেলেছেন, পেয়েছেন ২ উইকেট। আবু জায়েদ নিজেকে চেনালেন ঢাকায় এসে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিয়েছেন ৩৫ রানে ৪ উইকেট, যেটি টি-টোয়েন্টিতে আবু জায়েদের ক্যারিয়ার সেরা বোলিং। তরুণ এই পেসারের মুখে যে চওড়া হাসি থাকবে, সেটাই স্বাভাবিক। জায়েদ সংবাদ সম্মেলনে এলেনও হাসিমুখে। তাঁর এই দুর্দান্ত বোলিংটা কেন সিলেটে দেখা যায়নি, সেটির ব্যাখ্যায় যা বললেন, তাতে হাসিতে ফেটে পড়ল পুরো সংবাদ সম্মেলন কক্ষই, ‘সত্যি বলতে ওখানে ঘরের মাঠে খেলার চাপটা ছিল বেশি। টিকিটের জন্য অনেক চাপ ছিল। মনোযোগটা একটু ক্রিকেটের বাইরে চলে গিয়েছিল! হয়তো এ কারণেই ভালো হয়নি।’
ঘরোয়া ক্রিকেটে আবু জায়েদের দুর্দান্ত পারফরম্যান্স যদিও নতুন কিছু নয়। এ বছরের শুরুতেও প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চারবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে বিপিএলের একটা পার্থক্য খুঁজে পান এই পেসার, ‘জাতীয় লিগে অনেক ভালো করি কিন্তু সংবাদমাধ্যমে সেটি আসে কম। এখানে ভালো খেললে ফেসবুক থেকে শুরু করে সবখানে একটু বেশি দেখা যায়। বিপিএলের পারফরম্যান্স তাই ভালো লাগে।’
এই ‘ভালো লাগা’টা টুর্নামেন্টের বাকি সময়েও নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন আবু জায়েদ।