টিকে রইল দোলেশ্বরের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী মারুফ: ১১৮*
মেহেদী মারুফ: ১১৮*

শিরোপাস্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হতো। প্রাইম দোলেশ্বর স্বপ্ন বাঁচাল বড় জয় দিয়েই। কাল ফতুল্লায় দোলেশ্বরকে ২২২ রানের লক্ষ্য দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। লক্ষ্যটা ৬৫ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় দোলেশ্বর। দোলেশ্বরের এই জয়ে লিগের উত্তেজনা টিকে রইল শেষ রাউন্ড পর্যন্ত। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট দোলেশ্বরের, কালই মোহামেডানকে হারিয়ে ২৪ পয়েন্ট হয়েছে শীর্ষ দল প্রাইম ব্যাংকের। চ্যাম্পিয়ন হতে তাই আগামীকাল শেষ রাউন্ডে মোহামেডানকে শুধু হারালেই চলবে না দোলেশ্বরের, কামনা করতে হবে আবাহনীর কাছে প্রাইম ব্যাংকের হারও।
লিগে দোলেশ্বরের টানা পঞ্চম জয়ে সবচেয়ে বড় অবদান ওপেনার মেহেদী মারুফের। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে ১১৮ রানে (১১৯ বল, ১৪ চার, ৩ ছয়) অপরাজিত ছিলেন এই ডানহাতি। মারুফ প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন সুপার লিগের প্রথম ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে। দোলেশ্বরের শুরুটা ছিল জমাট, রনি তালুকদার-মারুফের উদ্বোধনী জুটিতে ৯.৪ ওভারেই আসে ৬১ রান। কাল ২৮ রান করেই সর্বোচ্চ রানের তালিকায় রনি ছাড়িয়ে গেছেন আবাহনীর লিটন দাসকে। ১৫ ম্যাচে রনি করেছেন ৬৫১ রান, সমানসংখ্যক ম্যাচে লিটনের রান ৬৪৭। শিরোপার মতো তাই সেরা ব্যাটসম্যানকে পেতেও শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
রনির বিদায়ের পর মারুফ-মুমিনুলের ১৩৫ রানের জুটিই নিশ্চিত করে দেয় দোলেশ্বরের জয়। ৩৬তম ওভারে এবারের লিগে নিজের প্রথম ফিফটি করে মুমিনুল যখন আউট হলেন, জয় থেকে মাত্র ২৬ রান দূরে দোলেশ্বর। ৭০ বলে ৫৬ রান করা মুমিনুলের প্রথম সাত ইনিংসে সর্বোচ্চ স্কোর ছিল ১৮।
এর আগে ২২১ রান তুলতে ৯ উইকেট হারায় রূপগঞ্জ। সর্বোচ্চ ৫১ রান সাত নম্বর ব্যাটসম্যান আবুল হাসানের। ষষ্ঠ উইকেটে হাসানের সঙ্গে ৬৬ রানের জুটি গড়া নাজমুল মিলন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান। এ ছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ওপেন করতে নেমে ৫১ বলে করেছেন ২৮ রান।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর-লিজেন্ডস অব রূপগঞ্জ, ফতুল্লা
রূপগঞ্জ: ৫০ ওভারে ২২১/৯ (হাসান ৫১, মিলন ৪২, সাকিব ২৮, শাহীন ২০; ইলিয়াস সানি ২/২৭, আসিফ ২/৪১, দেলোয়ার ২/৪৫)। দোলেশ্বর: ৩৯.১ ওভারে ২২৪/২ (মারুফ ১১৮*, মুমিনুল ৫৬, রনি ২৮; হাসান ১/৩১)।
ফল: দোলেশ্বর ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ।