টিপিএল জিতল ডিজিটাল নাইটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল নাইটসের আনন্দ। ছবি: জাহিদুল করিম
ডিজিটাল নাইটসের আনন্দ। ছবি: জাহিদুল করিম

প্রথম ট্রান্সকম প্রিমিয়ার লিগ (টিপিএল) জিতল ডিজিটাল নাইটস। দুর্জয় প্রথম আলোকে ১২ রানে হারিয়ে তারা এই জয় ছিনিয়ে নেয়।

রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে আজ শনিবার সকাল আটটার দিকে শুরু হয় ট্রান্সকম প্রিমিয়ার লিগের। অংশ নেয় আটটি দল। টুর্নামেন্টে প্রতিটি দল নকআউট পদ্ধতিতে খেলে।

ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান ট্রান্সকম ডিজিটালের দল ডিজিটাল নাই​টস। নির্ধারিত ১০ ওভারে দলটি ১১৫ রান করে। ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্জয় প্রথম আলো ১০ ওভারে করে ১০৩ রান।

এর আগে সেমিফাইনালে দুর্জয় প্রথম আলো পেপসি চ্যালেঞ্জার্সকে ১৪ রানে হারায়। আর ডিজিটাল নাইটস ৫৫ রানে ট্রান্সকম ভিক্টোরিয়ানসকে হারিয়ে ফাইনালে ওঠে।

টিপিএলে অংশ নেওয়া অন্য দলগুলো হলো এসকেএফ লায়ন্স, ট্রান্সকম ডিজিটাল ড্রাগন, ট্রান্সকম গ্ল্যাডিয়েটরস ও ইলেভেন মাসকেটিয়ার্স।

সকালে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের পরিচালক সিমিন হোসেন। তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন।

উদ্বোধনী বক্তব্যে সিমিন হোসেন বলেন, ‘আমরা একটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি। এই প্রথম ট্রান্সকম প্রিমিয়ার লিগ শুরু হয়েছে।’ সামনের বছরগুলোতেও এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে তিনি জানান।

সিমিন হোসেন আরও বলেন, ‘আমরা এখানে এসেছি বিভিন্ন ডিভিশন থেকে। বিভিন্ন কোম্পানি থেকে। তবে সবার পরিচয় একটাই। উই আর ওয়ান, উই আর ট্রান্সকম।’ এ সময় সঙ্গে তাঁর বড় ছেলে যারেফ আয়াত হোসেন ছিলেন।

খেলা চলাকালে জাতীয় দলের পেসার ও পেপসির শুভেচ্ছাদূত তাসকিন আহমেদ পরিদর্শনে আসেন। আসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক সাইফুর রহমান, ধারা ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। খেলার মাঠে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রধান বার্তা সম্পাদক (সিএনই) লাজ্জাত এনাম মহছি, হেড অব রিপোর্টিং সেলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।