টিপিএল ফাইনালে দুর্জয় প্রথম আলো ও ডিজিটাল নাইটস

প্রথম ট্রান্সকম প্রিমিয়ার লিগের (টিপিএল) ফাইনালে উঠেছে দুর্জয় প্রথম আলো ও ডিজিটাল নাইটস। ১০ ওভারের খেলায় মুখোমুখি হবে দল দুটি।
রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে আজ শনিবার সকাল আটটার দিকে শুরু হয় ট্রান্সকম প্রিমিয়ার লিগের। অংশ নেয় আটটি দল। ১২ ওভারের টুর্নামেন্টে প্রতিটি দল নকআউট পদ্ধতিতে খেলে।
সেমিফাইনালের খেলা হয় ১০ ওভারের। সেখানে দুর্জয় প্রথম আলো পেপসি চ্যালেঞ্জার্সকে ১৪ রানে হারায়। আর ডিজিটাল নাইটস ৫৫ রানে ট্রান্সকম ভিক্টোরিয়ানসকে হারিয়ে ফাইনালে ওঠে।
টিপিএলে অংশ নেওয়া অন্য দলগুলো হলো এসকেএফ লায়ন্স, ট্রান্সকম ডিজিটাল ড্রাগন, ট্রান্সকম গ্ল্যাডিয়েটরস ও ইলেভেন মাসকেটিয়ার্স।
বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের পরিচালক সিমিন হোসেন। তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন।
উদ্বোধনী বক্তব্যে সিমিন হোসেন বলেন, ‘আমরা একটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি। এই প্রথম ট্রান্সকম প্রিমিয়ার লিগ শুরু হয়েছে।’ সামনের বছরগুলোতেও এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে তিনি জানান।
সিমিন হোসেন আরও বলেন, ‘আমরা এখানে এসেছি বিভিন্ন ডিভিশন থেকে। বিভিন্ন কোম্পানি থেকে। তবে সবার পরিচয় একটাই। উই আর ওয়ান, উই আর ট্রান্সকম।’ এ সময় সঙ্গে তাঁর বড় ছেলে যারেফ আয়াত হোসেন ছিলেন।
খেলা চলাকালে জাতীয় দলের পেসার ও পেপসির শুভেচ্ছাদূত তাসকিন আহমেদ পরিদর্শনে আসেন। আসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। খেলার মাঠে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।