চ্যাম্পিয়ন সবাই, শিরোপাটা শুধু ডিজিটাল নাইটসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ডিজিটাল নাইটস। ছবি: প্রথম আলো
ট্রান্সকম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ডিজিটাল নাইটস। ছবি: প্রথম আলো

সমর্থকদের হাতে তলোয়ারের রেপ্লিকার এক পিঠে লেখা ‘ট্রান্সকম গ্ল্যাডিয়েটর্স’ এবং অন্য পিঠে ‘বিলিভ ইন অ্যাচিভ’। প্রথম কথাটি দলের নাম, দ্বিতীয়টি তাঁদের মূলমন্ত্র। গ্ল্যাডিয়েটর্স পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে অপরাজিত হিসেবে পা রেখেছিল ট্রান্সকম প্রিমিয়ার লিগের (টিপিএল) ফাইনালে। কিন্তু শিরোপার লড়াইয়ে তাদের হার মানতে হলো ডিজিটাল নাইটসের কাছে। টুর্নামেন্টে এটি নাইটসদের টানা দ্বিতীয় শিরোপা।

‘চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’—টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই থিম সংয়ের মূর্ছনায় দুই দিনব্যাপী চার-ছক্কার মেলা হয়ে গেল রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে। খেলোয়াড়েরা কেউই পেশাদার নন, ব্যাট-বলের সঙ্গে সম্পর্কটাও দূরবর্তী। দেশের অন্যতম শীর্ষ ব্যবসায় গ্রুপ ট্রান্সকমের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সৌহার্দ্য, খেলোয়াড়ি প্রতিযোগিতা ও সম্পৃক্ততা বাড়ানোই এ আয়োজনের লক্ষ্য। করপোরেট চাকরির গৎবাঁধা রুটিনের বাইরে একটু ক্রিকেট আনন্দ যাঁদের উদ্দেশ্য। এ উদ্দেশ্য তাতে পুরোপুরি সফল। কেননা পরিবার-পরিজনসহ সবাই হুইহুল্লোড় করেই কাটিয়েছেন দুটি দিন।

ট্রান্সকম প্রিমিয়ার লিগের রানার্সআপ দল ট্রান্সকম গ্ল্যাডিয়েটর্স। ছবি: প্রথম আলো
ট্রান্সকম প্রিমিয়ার লিগের রানার্সআপ দল ট্রান্সকম গ্ল্যাডিয়েটর্স। ছবি: প্রথম আলো

১২ ওভারের খেলায় যাঁর যাঁর দলকে সমর্থন দিতে সবাই মাঠে নিজেদের দিয়েছেন উজাড় করে। আর মাঠের বাইরে ঢোলের তালে দর্শকদের হাতে ছিল প্ল্যাকার্ড, মাথায় টুপি। সঙ্গে কমতি ছিল না চার-ছক্কারও। শিরোপা লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে ট্রান্সকম গ্ল্যাডিয়েটর্স। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে ডিজিটাল নাইটস। রানে সমতা থাকা অবস্থায় ছক্কা মেরে ম্যাচ জেতান মহসিন। ৬ বল খেলে ২২ রান করেন তিনি।
ম্যাচ শেষে রানার্সআপ ট্রফি তুলে দেন ট্রান্সকম গ্রুপের পরিচালক শাহানাজ রহমান ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। সবাইকে অভিনন্দন জানিয়ে লতিফুর রহমান বলেন, ‘এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত সবাইকে হৃদয়ের অন্তস্তল থেকে অভিনন্দন জানাই। খুব ভালো একটি প্রোগ্রাম ছিল। হৃদয়ের অন্তস্তল থেকে সবাই দুর্দান্ত কাজ করেছে। এটা ট্রান্সকম পরিবারের মিলনমেলা; যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এটি দুই দিনের পিকনিক ছিল; যা বাইরের যেকোনো পিকনিকের চেয়ে অনেক বেশি মজার ছিল। এখানে আমরা সবাই বিজয়ী।’
লতিফুর রহমান এ সময় তাঁর মেয়ে শাজনীন তাসনিম রহমান ও নাতি ফারাজ আইয়াজ হোসেনকেও স্মরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক সিমিন হোসেন ও তাঁর বড় ছেলে যারেফ আয়াত হোসেন।
টুর্নামেন্ট সেরা হয়ে ‘ফারাজ হোসেন ট্রফি’ জিতেছেন রেজাউল করিম সুমন ও সেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন এম ডি সাদ। খেলা শেষে চ্যাম্পিয়ন নাইটসের থিম সং বাজছিল, ‘ক্রিকেট হবে মাঠে, কিন্তু জয় হবে সবার।’
এটাই তো এই টুর্নামেন্টের মূল কথা।