টিভি আম্পায়ারই দিক নো-বলের সিদ্ধান্ত!
লর্ডস টেস্টের চতুর্থ দিনে বিতর্ক ছড়িয়েছে আম্পায়ারের একটি সিদ্ধান্ত। পরশু ইংল্যান্ড ইনিংসের ৪৬তম ওভারে নুয়ান প্রদীপের বলে বোল্ড হয়েছিলেন অ্যালেক্স হেলস। কিন্তু আম্পায়ার রড টাকার আগেই নো-বল ডাকায় বেঁচে গেছেন হেলস। পরে রিপ্লেতে দেখা গেছে, প্রদীপের পায়ের পেছনের কিছুটা অংশ ক্রিজের ভেতরেই ছিল।
আইসিসির নিয়ম অনুযায়ী অন্যান্য সিদ্ধান্ত গ্রহণের বেলায় রিভিউ নেওয়ার নিয়ম থাকলেও মাঠের আম্পায়ারদের ডাকা নো-বলের সিদ্ধান্ত বদলের ক্ষমতা টিভি আম্পায়ারের নেই। হেলসের মতোই গত ফেব্রুয়ারিতে এভাবে বেঁচে গিয়েছিলেন অ্যাডাম ভোজেস।
শ্রীলঙ্কান কোচ গ্রাহাম ফোর্ড ভবিষ্যতে এমন বিতর্ক এড়ানোর জন্য নো-বল ডাকার ক্ষমতা টিভি আম্পায়ারদের হাতে দেওয়ার পক্ষে, ‘এটা খুব অদ্ভুত যে প্রযুক্তি ব্যবহারের এত সুযোগ থাকার পরও নো-বল ডাকতে ভুল হচ্ছে। প্রযুক্তির হাতেই এটি তুলে দিলে সবচেয়ে ভালো হয়। আম্পায়াররা তাতে ক্রিজের অন্যদিকে বেশি মনোযোগ দিতে পারেন। আশা করি, আইসিসি এদিকে নজর দেবে।’
ম্যাচে ইংল্যান্ড তখন ২৬০ রানে এগিয়ে ছিল। হেলস আউট হলেই ম্যাচে ভালোভাবে ফিরতে পারত শ্রীলঙ্কা। এখানেই খারাপ লাগছে ফোর্ডের, ‘খেলাটির নির্মম মজাটা এখানেই যে, খারাপ সময়টাতেই আপনি ধাক্কা খাবেন। এই ধাক্কাটা আমরা চাইনি।’
এ ঘটনার পর বিতর্ক হয়েছে আরও একটি বিষয়ে। ড্রেসিংরুমের সামনের ব্যালকনিতে পতাকা ওড়ায় শ্রীলঙ্কা। এমসিসির অনুরোধে ৪৫ মিনিট পর সেটি নামিয়ে রাখা হয়। প্রথমে ভাবা হয়েছিল, নিজেদের মতো করেই প্রতিবাদ জানাচ্ছে শ্রীলঙ্কা। কিন্তু ফোর্ড জানিয়েছেন, তাঁরা মোটেই সেটা করতে চাননি, ‘ওই সময় আমাদের মনে হয়েছিল, ছেলেরা মাঠে দারুণ লড়াই করছে। আমরাও ড্রেসিংরুম থেকে তাদের আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলাম। পরে নিয়মটির কথা জানতে পেরে নামিয়ে ফেলেছি।’
তবে নিয়ম মেনে ঠিকই প্রতিবাদ জানাচ্ছে শ্রীলঙ্কা। বোর্ড সভাপতি থিলিঙ্গা সুমাথিপালা বলেছেন, ‘এটি দুঃখজনক। এই সিদ্ধান্ত নিয়ে আইসিসির কাছে রিপোর্ট করা হবে।’ এএফপি।