টিভি সম্প্রচার নিয়ে বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশায় বসতি গড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আতিথেয়তা দেবে ভারতীয় ক্রিকেট দলকে। যদিও কিছুই এখনো নিশ্চিত নয়। আগে মিটতে হবে রাজনৈতিক ঝামেলা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সরকারের সবুজসংকেত পেতে হবে। আরও অনেক সমস্যার জট খুলতে হবে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় জটিলতা টেলিভিশন সম্প্রচার নিয়ে। পাকিস্তানের সিরিজগুলো সম্প্রচার করে টেন স্পোর্টস গ্রুপ। এখানেই বড় আপত্তি ভারতীয় বোর্ডের।
বিসিসিআইয়ের আপত্তি মূলত টেন স্পোর্টসের মালিকানা নিয়ে। জি টেলিফিল্মসের অঙ্গপ্রতিষ্ঠান টেন স্পোর্টস। জি টেলিফিল্মসের মালিক এসেল গ্রুপ। এই এসেল গ্রুপের উদ্যোগেই শুরু হয়েছিল ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল। সুভাষ চন্দ্রের কোম্পানি এবার আবার তোড়জোড় শুরু করেছে নতুন করে বিদ্রোহী ক্রিকেট লিগ আয়োজনের। তবে এবার শুধু ভারতে নয়, পরিকল্পনা পুরো ক্রিকেট-বিশ্বেই টি-টোয়েন্টি লিগ আয়োজনের।
বিসিসিআইয়ের সরাসরি বিরোধিতাকারী প্রতিষ্ঠান সম্প্রচার করবে ভারত-পাকিস্তান সিরিজ, বিসিসিআই ব্যাপারটা মানতে পারছে না। ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া সরাসরি কিছু না বললেও টাইমস অব ইন্ডিয়াকে কিছু জটিলতার কথা বলেছিলেন গত সোমবার, ‘পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে আপত্তি নেই। তবে এর আগে কিছু বিষয়ের সুরাহা করতে হবে।’
বিসিসিআইয়ের সূত্র বলছে, টেন স্পোর্টসের ঝামেলা মিটলে সরকারও অনুমতি দেবে। এর আগে বিসিসিআই আইসিএল-সংশ্লিষ্ট সাবেক ভারতীয় ক্রিকেটারদের অবসরভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সব সদস্যদেশকে টেন স্পোর্টসের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে—২০১৩ সালে তৎকালীন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন আইসিসির সভায় প্রস্তাব তুলেছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজের আপত্তিতে ধোপে টেকেনি শ্রীনির প্রস্তাব। টাইমস অব ইন্ডিয়া।