টিভিতে দেখা আর সরাসরি খেলার 'টেস্ট' বুঝলেন তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম টেস্ট উইকেট, সতীর্থদের অভিনন্দন! ছবি: বিসিবি
প্রথম টেস্ট উইকেট, সতীর্থদের অভিনন্দন! ছবি: বিসিবি

জাতীয় দলে অভিষেকের আড়াই বছরেরও বেশি সময় পরে সুযোগ পেয়েছেন টেস্ট দলে। অভিষেকে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওই ওভারের চতুর্থ বলে প্রায় সহজ ক্যাচটা ফেলে দিয়েছেন সাকিব। তাসকিন অষ্টম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ২৯ ওভার বোলিং করে ১৪১ রান দিয়ে ওই একটা উইকেটই। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে দ্বিতীয় বাজে বোলিংয়ের রেকর্ড।​ সোহাগ গাজী অবশ্য ১৪৫ রান দিলেও ৩ উইকেট নিয়েছিলেন।

তাসকিনের হতাশ হওয়ার কিছু নেই। টেস্ট ইতিহাসে অভিষেকে এর চেয়েও বাজে বোলিংয়ের অনেকগুলো রেকর্ড আছে। অভিষেকে দুই শর বেশি রানই দিয়েছেন তিনজন। এর মধ্যে জেসন ক্রেজা অবশ্য অভিষেক ইনিংসে নিয়েছিলেন ৮ উইকেটও। অভিষেকে ১৪০ কিংবা এর বেশি রান দেওয়া বোলারদের মধ্যে বেশির ভাগ পরে হারিয়ে গেছেন। এই তথ্যেও হতাশ হওয়ার কিছু নেই তাসকিন। কারণ এঁদের মধ্যে একজন ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম। অভিষেকে ১৫০ রান দিয়ে মাত্র ১ উইকেট নেওয়া সেই বোলার পরে ক্যারিয়ার শেষ করেছেন ৭০৮টি টেস্ট উইকেট নিয়ে। নাম যার শেন ওয়ার্ন!

তাসকিন হতাশ হচ্ছেনও না। তবে টিভিতে দেখা আর সরাসরি খেলার মধ্যে যে অনেক পার্থক্য, সেই স্বাদটা ভালোমতোই টের পেলেন। আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘টেস্ট ক্রিকেট বেশ কঠিন। শরীরে অনেক চাপ পড়ে। আমি অনেক উপভোগ করেছি অবশ্য। দেড় শ ওভারে মতো ফিল্ডিং করেছি, এরপর ২৯ ওভার বোলিং করেছি। একটু কষ্টকর তো বটেই। শরীরের ওপর অনেক চাপ পড়ে। তবে আমি মাঠে অনেক উপভোগ করেছি। আমার জন্য অনেক বড় পাওয়া দেশের হয়ে টেস্ট খেলা। সবচেয়ে ভালো হবে যদি ম্যাচটা আমরা ভালোভাবে শেষ করতে পারি। টেস্ট ক্রিকেট বোলারের জন্য অনেক চ্যালেঞ্জিং, এটা বুঝতে পেরেছি।’

আর কী কী পার্থক্য চোখে পড়ছে তাঁর? তাসকিন বললেন, ‘আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। টিভিতে টেস্ট ম্যাচ দেখেছি। এবার খেলার সৌভাগ্য হলো। যেটা বুঝলাম, এখানে বোলারদের অনেক ধৈর্য লাগে। একই জায়গায় বল করে যেতে হয় টানা। শারীরিকভাবেও ফিট থাকতে হয়, যেটা খুব চ্যালেঞ্জের। তবে এটা মাত্রই আমার প্রথম টেস্ট। এখানে যে ভুলগুলো করেছি তা থেকে শিখব, সামনে আরও ভালোর করার চেষ্টা করব।’

প্রথম উইকেট হিসেবে নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যানদের একজনকে শিকার করেছেন। এটাও আলাদা তৃপ্তির হয়ে আছে তাসকিনের, ‘কেন উইলিয়ামসন অনেক বড় খেলোয়াড়। ওর কিছু শক্তির জায়গা আছে, দুর্বল জায়গা আছে। ওর দুর্বল জায়গায় বল করার চেষ্টা করি। টেস্টে প্রথম উইকেটটাই উইলিয়ামসনের, ভালো লাগছে।’

তাসকিনের বলে ক্যাচ ফেলা অবশ্য নতুন নয়। বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগা বোলারদের একজন সম্ভবত তিনি। এ নিয়ে হতাশা থাকলেও তা লুকোচ্ছেন তাসকিন, ‘আরও কিছু সুযোগ এসেছিল, তবে উইকেট পেতে ভাগ্যও একটু পাশে লাগে। ভালো বলেও ক্যাচ পড়ে যেতে পারে বা চার মেরে দেয়। ওটা বড় ব্যাপার নয়। দলের সবাই আমাদের উৎ​সাহ দিয়েছে। আমি নিজে আরও ভালো করতে চাই। ক্যাচ ফেলা নিয়ে তেমন একটা ভাবি না। কেউ তো আর ইচ্ছা করে ক্যাচ ফেলে না। আর স্লিপে এত দ্রুত বল যায়, ক্যাচ ধরাও কঠিন। তবে এটা আর বেশি দিন আর থাকবে না আশা করি।’