টিভিতে দেখা যাবে মিরাজদের খেলা

‘আচ্ছা, মিরাজ কেমন বল করে? কখনো সরাসরি খেলতে দেখিনি ছেলেটাকে’, ‘সাইফউদ্দিন নাকি নিজের ইচ্ছেমতো ইয়র্কার দিতে পারে? কেউ দেখেছে ওর খেলা?’ কিংবা ‘শুধু শুনেই গেলাম, দেখতে পারলাম না নাজমুল কেমন ব্যাটিং করে?’ হতাশামাখা প্রশ্নগুলো গত কয়েক দিন ধরেই ঘুরছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মুখে।
ঘোরারই কথা! ঘরের মাটিতে বিশ্বকাপ হচ্ছে, তাতে বাংলাদেশকে বিশ্বকাপের জন্য সবচেয়ে ফেবারিটদের একটি। অথচ গ্রুপপর্বের বাংলাদেশের ৩ ম্যাচের মধ্যে মাত্র একটি সরাসরি দেখতে পেরেছে বাংলাদেশের মানুষ!
অনূর্ধ্ব-১৯ দল, যাদের নিয়ে এত উচ্চাশা, তারা কেমন খেলে সেটি নিজের চোখে দেখার একটা ইচ্ছে তো জাগারই কথা। সবচেয়ে বড় কথা, এত এতবার লেখা হয়েছে এদের নাম, কালো অক্ষরে শুধু দেখে কি আর আশ মেটে?
মাঠে গিয়ে দেখা বেশির ভাগ মানুষের পক্ষে সম্ভব নয়। বিকল্প উপায় টিভিতে দেখা। গ্রুপপর্বে বাংলাদেশের মাত্র একটি ম্যাচ সরাসরি টিভিতে দেখিয়েছে। বাকি দুটি দেখায়নি। ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো, বাংলাদেশের কোয়ার্টার ফাইনালটি সরাসরি সম্প্রচার করা হবে। যেখানে আগামী ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ডি রানার্সআপ নেপাল। ম্যাচটি সরাসরি দেখাবে বিটিভি, মাছরাঙা টিভি, জি টিভি, ও স্টার স্পোর্টস ১।
এমনিতে এবারই সবচেয়ে বেশি যুব পর্যায়ের বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত সম্প্রচার তালিকায় থাকা ম্যাচগুলোর বেশির ভাগেই বাংলাদেশ ছিল না। শুধু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও মিরপুর শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোই দেখাচ্ছে সম্প্রচার কর্তৃপক্ষ। এই দুটি ভেন্যুর মধ্যে বাংলাদেশের ম্যাচ শুধু গ্রুপের প্রথম ম্যাচটিই খেলেছে চট্টগ্রামে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাকি দুটি ম্যাচ বাংলাদেশ খেলেছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখান থেকে কোনো ম্যাচই সম্প্রচার করা হয়নি।
কোয়ার্টার ফাইনাল তো দেখাবেই, পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালও সম্প্রচারিত হবে। মিরাজরা সেমিফাইনাল ও ফাইনাল খেললে কোয়ার্টার ফাইনালের পর দেখা যাবে আরও দুই ম্যাচ।