বিজ্ঞাপনে তারকাদের উপস্থিতি পণ্য নিয়ে আগ্রহ বাড়ায়, সে কারণে খেলা-বিনোদনসহ অন্য অনেক জগতের তারকাদের নিয়ে বিনোদনজগতেও টানাটানি। তাই বলে মৃত এক তারকার পুরোনো বিজ্ঞাপন চালিয়ে দিতে হবে!
হেডিংলিতে ইংল্যান্ড–নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে গতকাল স্কাই স্পোর্টসে ম্যাচের বিরতির সময় ওয়ার্নের বিজ্ঞাপন প্রচারিত হয়। গত ৪ মার্চ হঠাৎ হার্ট অ্যাটাকে মাত্র ৫২ বছর বয়সেই অন্যলোকে চলে যাওয়া অস্ট্রেলিয়ান কিংবদন্তির বিজ্ঞাপন এভাবে সম্প্রচার করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়েছেন অনেকে, তাঁদের প্রায় সবার চোখেই এটি ‘বিকৃত রুচির পরিচয়।’
তিন মাস পেরিয়ে গেছে ওয়ার্নের বিদায়ের, কিন্তু এখনো যেন অনেকের বিশ্বাস হতে চায় না! খবরটাকে ‘দুঃস্বপ্ন’ ভাবতে চাওয়া মানুষের সংখ্যাও অগুনিত। কিন্তু বাস্তব তো আর ভাবনার পরোয়া করে না! সেখানে ওয়ার্ন অন্যলোকের বাসিন্দাই।
সেই ওয়ার্নকেই হঠাৎ টিভি পর্দায় দেখতে পাওয়া মনে ঝড় তোলা অভিজ্ঞতাই। সে অভিজ্ঞতা অনেকের গতকাল হয়েছে স্কাই স্পোর্টসে একটি চুলের প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানির বিজ্ঞাপনের সুবাদে। ‘অ্যাডভান্সড হেয়ার স্টুডিও’র সেই বিজ্ঞাপন অবশ্য পরে সরিয়ে নেওয়া হয়েছে, তবে সম্প্রচারের সময় তো অনেকেই তা দেখেছেন। এ নিয়ে ফেসবুক-টুইটারে সমালোচনা হচ্ছে অনেক।
ডেভিড কলিন্স নামের একজন স্কাই স্পোর্টসকে ট্যাগ করে টুইটে লিখেছেন, ‘টেস্ট ম্যাচের সময়ে শেন ওয়ার্নকে নিয়ে তৈরি একটা বিজ্ঞাপন সম্প্রচার করা কি আপনাদের আসলেই সঠিক মনে হয়েছে? আমার চোখে খুবই কুরুচিপূর্ণ লেগেছে...।’
মার্ক ডেনহোম নামের আরেক টুইটার ব্যবহারকারীর কাছে মৃত শেন ওয়ার্নের বিজ্ঞাপন এখনো চালিয়ে যাওয়াই অস্বস্তিকর। বিজ্ঞাপন যাদের পণ্য নিয়ে, সেই প্রতিষ্ঠান অ্যাডভান্সড হেয়ার স্টুডিওকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘আমিই কি একমাত্র মানুষ, যার কাছে অ্যাডভান্সড হেয়ার স্টুডিওর এভাবে এখনো মৃত শেন ওয়ার্নের বিজ্ঞাপন চালিয়ে যাওয়াটা তাঁর প্রতি অসম্মানজনক মনে হচ্ছে?’
ঘরে বসে অফিসের কাজ করার সময় টিভিতে টেস্ট ম্যাচটা দেখছিলেন অ্যান্ডি হুইটলি, সেখানে দুই ওভারের বিরতিতে বিজ্ঞাপনটা চোখে পড়েছে তাঁর। দেখে ভালো যে লাগেনি, সেটি না বললেও চলে। টুইটে হুইটলি লিখেছেন, ‘গ্রাহাম গুচের ২০ বছরের পুরোনো ফুটেজ বিজ্ঞাপনে কাজে লাগিয়েও তাদের শান্তি হয়নি, এখন মৃত শেন ওয়ার্নকেও বিজ্ঞাপনে কাজে লাগাচ্ছে! অদ্ভুত!’
স্কাই স্পোর্টসের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন শন রোস্টন নামের আরেক ভক্ত, ‘হাই স্কাই স্পোর্টস, শেন ওয়ার্নকে ঘিরে তৈরি একটি টাক না হওয়ার বিজ্ঞাপন চালিয়ে দেওয়া আমার কাছে খুব একটা ভালো রুচির কাজ বলে তো মনে হচ্ছে না।’
এভাবে শেন ওয়ার্নকে দেখতে হবে, সেটা হয়তো কেউই ভাবতে পারেননি। তবে এই সিরিজের শুরুটা ওয়ার্নময়ই ছিল। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে দিনের ২৩তম ওভারের সময় খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়। আউটফিল্ডে খেলোয়াড়েরা আর গ্যালারিতে দর্শকেরা দাঁড়িয়ে এক মিনিটের করতালিতে শেন ওয়ার্নের কীর্তিকে সম্মান জানান। ২৩তম ওভারে কেন? ওয়ার্নের জার্সি নম্বর যে ছিল ২৩!