টি-টোয়েন্টি খেলতে না পারায় টেলরের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ওয়েলিংটনে সংবাদ সম্মেলনে রস টেলর l সংগৃহীত
কাল ওয়েলিংটনে সংবাদ সম্মেলনে রস টেলর l সংগৃহীত

বাঁ চোখের সমস্যা ভোগাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সে কারণে অস্ত্রোপচারও করাতে হয়েছে রস টেলরকে। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই খেলার মতো ফিট হয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। তারপরও তাঁকে রাখা হয়নি টি-টোয়েন্টি দলে। নিউজিল্যান্ডের টেস্ট দলে অবশ্য ঠিকই ফিরেছেন টেলর। তবু বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারার আফসোসটা যাচ্ছে না তাঁর।
চোখের সমস্যা নিয়েই গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন টেলর। তারপর অস্ত্রোপচার করিয়ে এসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচকেরা নেননি। জবাবটা টেলর দিয়েছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে পরপর দুই ম্যাচে ৮২ ও ৮০ রানের ইনিংস খেলে। এরপর টেস্ট দলে ডাক পেলেও টি-টোয়েন্টি খেলতে না পারার আক্ষেপটা যায়নি তাঁর, ‘আমি টি-টোয়েন্টি দলে না থাকায় খুব হতাশ হয়েছিলাম। দেশের হয়ে সব সংস্করণেই খেলতে ভালোবাসি আমি। তবে নির্বাচকদের সিদ্ধান্ত তো সম্মান করতেই হবে। একই সঙ্গে টেস্ট দলে ফিরে ভালো লাগছে।’
চোখে অস্ত্রোপচার করানোর আগেই দুর্দান্ত ফর্মে ছিলেন। অস্ত্রোপচার করানোর পর এখন দৃষ্টিশক্তি কত প্রখর হয়েছে, সেটা নিয়েও রসিকতা করলেন টেলর, ‘আমার তো মনে হয়, দৃষ্টিশক্তি আরও ভালো হয়েছে। আমি সেদিন আমার ম্যানেজারের বাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম, সে ফ্রিজটা নতুন কিনেছে কি না। ও আমার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর বলল, ওটা নাকি চার-পাঁচ বছর ধরেই আছে ওর বাড়িতে। জানি না, এটা ভালো হলো না খারাপ।’