টি-টোয়েন্টি থেকেও আফ্রিদির অবসর?
আগের কথামতো ওয়ানডে থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপের পরই। শহীদ আফ্রিদি এখন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। কিন্তু এই সংস্করণেও যেন আগের আফ্রিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে সমালোচনার কাঁটা যে তাঁর গায়েও একটু-আধটু ফুটছে না তা নয়। পাকিস্তানের এই অলরাউন্ডার এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিতে প্রস্তুত, ‘সত্যিটা হচ্ছে সিনিয়র খেলোয়াড়েরাই দলকে ডোবাচ্ছে। এ রকম বাজে ফর্ম নিয়ে আমরা জেতার আশা করতে পারি না। আমি সামনে থেকেই নেতৃত্ব দিতে চাই। যদি মনে হয় দলের জন্য বোঝা হয়ে উঠছি, তাহলে পরের বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আমি এই সংস্করণ থেকে অবসর নেব।’ এই সংকটে আফ্রিদির পরামর্শ, ‘তরুণদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই একটা সম্ভাব্য একাদশ দাঁড় করাতে হবে। তবে সেটার জন্য প্রতিষ্ঠিত খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে।’ দ্য ডন।