টি-টোয়েন্টিতে রয়ই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার প্রয়াত ইংলিশ ব্যাটিং কিংবদন্তি লেন হাটন। পরশু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হলেন জেসন রয়। ইংলিশ এই ওপেনারকে সান্ত্বনা দিতে প্রথম এগিয়ে এসেছেন তাঁর সতীর্থ বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি না খেলা স্টোকসই যে ওয়ানডে ক্রিকেটে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হওয়া প্রথম ইংলিশ ব্যাটসম্যান!

ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ১১ ম্যাচে পরশুই প্রথম ফিফটি পেয়েছেন রয়। দারুণ ব্যাটিং করতে থাকা ওপেনার ৬৭ রানে আউট না হয়ে গেলে দলকে জিতিয়েই হয়তো মাঠ ছাড়তেন। কিন্তু শেষ ওভারে গড়ানো ম্যাচটি ৩ রানে হেরে গেছে স্বাগতিকেরা। শেষ ৬ বলে জয়ের জন্য ১২ রান দরকার ছিল ইংল্যান্ডের। প্রথম চার বলে চারটি রান হলেও রানআউট হয়ে ফেরেন অভিষিক্ত লিয়াম লিভিংস্টন। পরের বলটি তুলে মেরেছিলেন লিয়াম ডসন। একটুর জন্য সেটি ছয় হয়নি। শেষ বলটি থেকে দরকার পড়ে ৪ রান। ৩ রান করতে পারলেও ম্যাচ গড়াত সুপার ওভারে। কোনো রানই নিতে পারেননি ডসন!

ট্রেভর মুটসের ৪৫ আর এবি ডি ভিলিয়ার্সের ৪৬ রানে ৮ উইকেটে ১৭৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্যের পেছনে ভালোভাবেই ছুটছিল ইংল্যান্ড। ১৬তম ওভারে ক্রিস মরিসের প্রথম বলটি ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়েছিলেন লিভিংস্টন। নন-স্ট্রাইকে থাকা রয় ছোটেন রানের জন্য। তবে কিছুদূর গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করেন। আন্দিলে ফিকোয়াওয়ের স্টাম্প সোজা থ্রোটি তাঁর ডান পায়ের গোড়ালিতে লাগে। সঙ্গে সঙ্গেই দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের আবেদন করেন। মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ারের শরণ নেন। কয়েকবার রিপ্লে দেখে এটিকে আউট বলে ঘোষণা করেন থার্ড আম্পায়ার। রয় আউট হওয়ার সময় ইংল্যান্ডের রান ছিল ১৫.১ ওভারে ৩ উইকেটে ১৩৩।

রয়ের এভাবে আউট হওয়াটাকে অধিনায়ক এউইন মরগান শেষ পর্যন্ত দুর্ভাগ্য বলেই মেনে নিয়েছেন, ‘এটা ফিফটি-ফিফটি সম্ভাবনা ছিল। ড্রেসিংরুমে প্রত্যেকেরই মনে হয়েছে সিদ্ধান্তটি যেকোনো দিকে যেতে পারে। তাই এটা খুব বেশি বিতর্কিত নয়। আপনি হয়তো দেখে থাকবেন আম্পায়াররা এটিকে কেন আউট দিয়েছেন।’ এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।