টুইটার একাদশ
বাংলাদেশ সফরের আগে বেমক্কা এক টুইট করে কী বিপাকেই না পড়েছিলেন ডেল স্টেইন। টুইটারে সেদিন যেন ঝড় বয়ে গিয়েছিল, বাংলাদেশকে অবজ্ঞা করা হলো কি না এ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিলেন ক্রিকেট অনুরাগীরা। অবশ্য পরে ‘দুঃখিত’ বলে বিষয়টি মিটমাট করে নেন এই প্রোটিয়া ফাস্ট বোলার। সেদিনের সেই টুইট-বন্যা অবশেষে কাজে লাগল স্টেইনের। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্নের একাদশে জায়গা মিলেছে তাঁর।
খুদে ব্লগ সাইট টুইটার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি একাদশ গড়েছে। সেখানে জায়গা মিলেছে ১১ জন ক্রিকেটারের, যাঁদের নিয়ে গত এক বছরে সবচেয়ে বেশিবার টুইট করা হয়েছে। অনুমিতভাবেই একাদশে ভারতীয় ক্রিকেটারদের ভিড়। মোট পাঁচজন ভারতীয়র জায়গা মিলেছে—বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং ও মহেন্দ্র সিং ধোনি।
পাকিস্তানেরও আছেন তিনজন—শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাফিজ। টুইটারে ঝড় তোলাদের একাদশে আরও আছেন স্টিভেন স্মিথ ও ক্রিস গেইল। টুইটারের দাবি, বিশ্বের যেকোনো দলের সঙ্গেই পাল্লা দিতে পারবে এই একাদশ। আইএএনএস।