টুইটারে মোস্তাফিজের খোঁজ স্টেইনের

নিজের পারফরম্যান্স দিয়েই ক্রিকেট দুনিয়ায় নিজেকে চিনিয়েছেন মোস্তাফিজুর রহমান। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দুর্দান্ত এক বোলার হিসেবে। গত আইপিএলে যাঁর দুর্দান্ত বোলিং সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জিততে সহায়তা করেছিল, সেই মোস্তাফিজই এবারের মৌসুমে আইপিএলে বেঞ্চ গরম করে কাটালেন। ব্যাপারটা মনে করেই কি না গতবার আইপিএলে হায়দরাবাদে সতীর্থের খোঁজ নিলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন।
টুইটারে মোস্তাফিজ প্রসঙ্গে ডেল স্টেইন লিখেছেন, ‘একটা প্রশ্ন করি। “ফিজ”–এর কী হয়েছে? সে কী চোটাক্রান্ত?’
স্টেইনের এই প্রশ্নের উত্তর দিয়েছেন অনেকেই। বেশির ভাগই ক্রিকেটপ্রেমী। উত্তর দিতে গিয়ে অনেক ‘মোস্তাফিজ-ভক্ত’ তাদের প্রিয় তারকাকে মাঠের বাইরে রাখার সমালোচনা করেছেন। তবে মোস্তাফিজ নিজে তাঁর প্রতি স্টেইনের উদ্বেগের ব্যাপারে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি এখন বাংলাদেশ দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে। আমাকে মনে করার জন্য আপনাকে ধন্যবাদ।’
গত মৌসুমে আইপিএলের উদীয়মান তারকা মোস্তাফিজের জন্য এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। যদিও বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শেষে তিনি হায়দরাবাদের পক্ষে খেলেছেনই একটি ম্যাচ। সে ম্যাচে বোলিংটা তাঁর ভালো হয়নি একেবারেই। ২.২ ওভারে ৩৪ রান দিয়ে তিনি ছিলেন উইকেটশূন্য। এরপর ডাগ আউটে বসেই সময় কেটেছে।
গত বছর আইপিএলে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পর সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধে চোট পান। চোটের কারণে খেলতে পারেননি বেশ কয়েক মাস। গত ডিসেম্বরে পুনর্বাসন প্রক্রিয়া শেষ নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে খুব খারাপ করেননি। কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্টে বাংলাদেশের জয়ে তাঁর বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিছুটা নিষ্প্রভ থাকলেও টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেট পান। বাংলাদেশও জয় পায় সে ম্যাচে।