টুকরো টুকরো ছবি
উত্তরসূরি
টেস্ট ক্রিকেটে তিনিই বাংলাদেশের লেগ স্পিনের পতাকাবাহী। তবে ওয়ানডেতে জুবায়ের হোসেন একজনের অনুসারী। সেই ১৯৮৮ সালে, বাংলাদেশের চতুর্থ ওয়ানডেতেই খেলেছিলেন একজন লেগ স্পিনার। পরে কোচ হিসেবে, আশরাফুল-শাহরিয়ার নাফীসদের গুরু হিসেবেই বেশি পরিচিত পেয়েছেন, ওয়াহিদুল গনি। ১৯৮৮ এশিয়া কাপে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেছিলেন ওয়াহিদুল গনি। মঈন-উল-আতিক ও ইজাজ আহমেদের সেঞ্চুরি করার সেই ম্যাচে ৪৫ ওভারে মাত্র ৩টি উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ। ৬ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ওয়াহিদুল গনি। তাঁর ক্যারিয়ারও শেষ ওই এক ম্যাচেই। ওয়াহিদুলের পর জুবায়েরই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বিশেষজ্ঞ লেগ স্পিনার। তাঁর ক্যারিয়ার নিশ্চয়ই থেমে থাকবে না এক ম্যাচে?
জুটির হাজার
গত ওয়েস্ট ইন্ডিজ সফরেই সেন্ট ভিনসেন্ট টেস্টে ১৩০ রানের জুটি গড়েছেন দুজন। শতরানের জুটি গড়েছিলেন চার বছর আগে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও। তবে ওয়ানডেতে কালই প্রথম শতরানের জুটি গড়লেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। প্রথম সেঞ্চুরি জুটিতে ওয়ানডেতে হাজার রানও ছুঁয়েছে দুজনের জুটি। ৩৩ ইনিংসে ১ সেঞ্চরি ও ৮ ফিফটিতে দুজনের জুটির রান এখন ১০২২। ওয়ানডেতে হাজার রান ছুঁতে পেরেছে বাংলাদেশের আর মাত্র তিনটি জুটি। ৪৬ ইনিংসে ১২০৭ রান তামিম-ইমরুল জুটির, ৪১ ইনিংসে ১২৪৮ রান আশরাফুল-তামিম জুটির। আর ৪৭ ইনিংসে ১৬১১ রান তুলে বাংলাদেশের সফলতম ওয়ানডে জুটি সাকিব-মুশফিক।
হতে হতে হলো না
এক সপ্তাহ আগে সাকিবকে সঙ্গে নিয়ে যে রেকর্ড গড়েছিলেন মুশফিক, কালই সেটি ছাপিয়ে যাওয়ার খুব কাছাকাছি গিয়েছিলেন মাহমুদউল্লাহকে নিয়ে। পারলেন না নিজের ভুলেই। সিরিজের প্রথম ম্যাচে পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে ১৪৮ রানের রেকর্ড জুটি গড়েছিলেন মুশফিক। কাল পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর জুটি থামল ১৩৪ রানে। পঞ্চম উইকেটে এটি বাংলাদেশের নবম শতরানের জুটি। প্রথমটি ছিল ১৯৯৮ সালে ইনডিপেনডেন্স কাপে ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, আমিনুল ইসলাম ও খালেদ মাহমুদের ১০৯।
লাকি সেভেন মাহমুদউল্লাহ
দলকে বিপদ থেকে উদ্ধার করা দারুণ ইনিংসটির শুরুর দিকেই মাহমুদউল্লাহ ছুঁয়েছেন একটি মাইলফলক। ১০ রানের মাথায় বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে হয়ে গেছে ২ হাজার রান। ৯৩ ইনিংসে ২ হাজার ছুঁলেন মাহমুদউল্লাহ, ৬৫ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের দ্রুততম ২ হাজারি শাহরিয়ার নাফীস। সাকিব ছুঁয়েছিলেন ৬৯ ইনিংসে, ৭০ ইনিংসে তামিম। বিশ্ব রেকর্ড থেকে বাংলাদেশের রেকর্ড অবশ্য যোজন যোজন দূরে। ২ হাজার ছুঁতে মাত্র ৪০ ইনিংস লেগেছিল হাশিম আমলার!
পুরোনো ঝলক
২০০৭ সালে বাংলাদেশ সফরে এসে ব্যাটে-বলে মাশরাফিকে দেখে মুগ্ধ রাহুল দ্রাবিড় বলেছিলেন, ‘আমাদের যদি মাশরাফির মতো একজন অলরাউন্ডার থাকত!’ ব্যাটের হাত যেমন ছিল, তাতে অলরাউন্ডার হয়ে ওঠার সব সম্ভাবনাই ছিল মাশরাফির। ক্যারিয়ারের বেশির ভাগজুড়ে ছিলেন দারুণ কার্যকর এক আক্রমণাত্মক ব্যাটসম্যান। তবে হাজারো চোটে জর্জরিত মাশরাফির ব্যাটের ধার হারিয়ে গিয়েছিল গত কিছুদিনে। বহুদিন পর কাল ব্যাট হাতে দেখা গেল সেই পুরোনো, খুনে মাশরাফিকে। ৪ চার ও ২ ছক্কায় ২৫ বলে করেছেন ৩৯। গত সাড়ে পাঁচ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এটি মাশরাফির সর্বোচ্চ স্কোর। সর্বশেষ ২০০৯ সালের জুলাইয়ে, সেন্ট ভিনসেন্ট টেস্টে করতে পেরেছিলেন ৩৯ রান। মাশরাফির টেস্ট অধিনায়কত্বে অভিষেক ওই টেস্টে, যে টেস্টের তৃতীয় দিনেই ছিটকে গিয়েছিলেন চোট নিয়ে।
অবাক ধারাবাহিকতা
আড়াই শ একসময় ছিল বাংলাদেশের বহু আরাধ্য স্কোর। নিজেদের ১৭তম ওয়ানডেতে এসে প্রথমবার আড়াই শ ছুঁতে পেরেছিল বাংলাদেশ, প্রথম এক শ ম্যাচে পেরেছিল আর মাত্র তিনবার। ইদানীং অবশ্য নিয়মিতই দেখা মিলছে। সেই ধারাবাহিকতায় এই সিরিজে বাংলাদেশ আড়াই শ ছুঁল টানা চারবার। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই যেটি প্রথমবার। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০৯ সালে বুলাওয়েতে টানা তিন ম্যাচে বাংলাদেশ করেছিল ৩২০/৮, ২৫৪ ও ৩১৩/৬।
মুরালিকে ছাড়িয়ে
আবদুর রাজ্জাককে ছাড়িয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে উঠেছিলেন আগেই। কাল সব মিলিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে সফলতম ওয়ানডে বোলার হয়ে গেলেন সাকিব আল হাসান। সিবান্দার উইকেটে কাল ছুঁয়েছিলেন মুত্তিয়া মুরালিধরনকে, মাসাকাদজাকে ফিরিয়ে ছাড়িয়ে গেলেন লঙ্কান কিংবদন্তিকে। মুরালির ৫৯ উইকেট অবশ্য ছিল ৩১ ম্যাচে। ৪১ ম্যাচে সাকিবের উইকেট ৬০। ৩২ ম্যাচে ৫৬ উইকেট রাজ্জাকের। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকারে চারেও বাংলাদেশের একজন—৩৩ ম্যাচে ৫৪ উইকেট মাশরাফির। ২৬ ম্যাচে ৪৫ উইকেট অজিত আগারকারের।