টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান ৫-০!
অভিষেক টেস্টে দশে নেমে সেঞ্চুরির ইতিহাস গড়েছেন। আসল কাজ যেটি, সেই বোলিংয়ে অবশ্য সুবিধা করতে পারেননি। ৩ টেস্টে উইকেট তিনটি। তবে আবুল হাসানের আরও করুণ দশা ওয়ানডেতে। ওয়ানডের ভাষাই যেন এখনো বুঝে উঠতে পারেননি। ৫ ওয়ানডেতে রান এখন ৪, উইকেটশূন্য! বল হাতে এতটা বাজে শুরু হয়নি বাংলাদেশের আর কোনো বিশেষজ্ঞ পেসারের। এর আগে মফিজুর রহমান (মুন্না) ৪ ওয়ানডে খেলে উইকেট পাননি একটিও। মফিজুরকে অবশ্য খেলানো হয়েছিল সিমিং অলরাউন্ডার হিসেবে, ৪ ম্যাচে বোলিং করেছিলেন মাত্র ১১ ওভার। এ ছাড়া আর কোনো পেসারকে উইকেট পেতে তিন ম্যাচের বেশি অপেক্ষা করতে হয়নি। হাসানের অপেক্ষার শেষ কবে, কে জানে!
গুগলি জুবায়ের
হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে কালকের সফলতম বোলার তাইজুল। ৩ উইকেট নিয়েছেন সাকিব। তবে অনেকের দৃষ্টিতেই কাল বাংলাদেশের সেরা বোলার জুবায়ের হোসেন। দারুণ গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন, দুটিই অসাধারণ ডেলিভারিতে। বাংলাদেশের জন্য ক্রমেই হুমকি হয়ে উঠতে থাকা মাসাকাদজাকে ফ্লাইটে টেনে এনে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড করেছেন চোখধাঁধানো এক গুগলিতে। আর পরে টিমাইসেন মারুমা তো কিছু বুঝেই উঠতে পারেননি, দারুণ ফ্লিপারটি শুধু জোরের ওপরই আসেনি, একটু ভেতরেও ঢুকেছে! আগের ম্যাচে এই মারুমাকেই আউট করেছিলেন গুগলিতে। দারুণ সব গুগলির ঝলক দেখিয়েছেন টেস্ট সিরিজেও। আন্তর্জাতিক অভিষেকের আগেই এক সাক্ষাৎকারে প্রথম আলোকে জুবায়ের বলেছিলেন, ‘গুগলিটা দারুণ পারি।’ তখন কারও সংশয় থাকলেও এখন নিশ্চয়ই আর নেই?
প্রায়শ্চিত্ত
জুবায়ের উইকেট পেতে পারতেন প্রথম ওভারেই। শর্ট বলে পুল করেছিলেন সিবান্দা, শর্ট মিড উইকেটে হাতে জমিয়েও ছেড়ে দিলেন মাশরাফি। বুলেট গতিতে আসছিল বলটি, কিন্তু একেবারেই সরাসরি ফিল্ডারের কাছে। এমনিতেই তিনি সব সময় ‘রোল মডেল’, এখন তো অধিনায়কও। হতাশ হওয়ার যথেষ্টই কারণ ছিল মাশরাফির। প্রায়শ্চিত্তের সুযোগও এসে গেল। ব্যাটসম্যান সেই সিবান্দা, আবারও শর্ট বলে পুল। বোলার এবার সাকিব। মিড উইকেটের দিকে ঝাঁপিয়ে এবার ক্যাচটি নিলেন মাশরাফি। আগেরটি মিস করার হতাশা থেকেই হয়তো, প্রবল আক্রোশে বলটি ছুড়লেন মাটিতে!
পাশাপাশি মাশরাফি-সাকিব
সিরিজের শুরুতে মাশরাফির ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন সাকিব। প্রথম ম্যাচের পর দুজনই পাশাপাশি, ১৭৫। পরের ম্যাচেই আবার এগিয়ে গেলেন মাশরাফি। এগিয়ে ছিলেন পরের দুই ম্যাচ। কাল সিরিজ শেষে আবার মাশরাফিকে ছুঁয়ে ফেললেন সাকিব। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট এখন যৌথভাবে এই দুজনের। কাল সিকান্দার রাজার উইকেট নিয়ে ১৮২ উইকেট হলো মাশরাফির, পরে ৩ উইকেট নিয়ে ১৮২ হয়েছে সাকিবেরও। দেশের হয়ে দুজনের ম্যাচও প্রায় সমান, মাশরাফি ১৪২, সাকিব ১৪১! মোট ওয়ানডে উইকেটে অবশ্য এখনো এগিয়ে মাশরাফি। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলে একটি উইকেট (শন পোলকের) আছে বাংলাদেশ অধিনায়কের।
সাকিবের শূন্য
ব্যর্থতার সঙ্গে তাঁর দেখা হয় খুব কমই। সেই সাকিব এই সিরিজে দ্বিতীয়বার আউট হলেন বিনা রানে! ওয়ানডেতে এটি সাকিবের অষ্টম শূন্য, আন্তর্জাতিক ক্রিকেটে ১৪তম। তবে এক সিরিজে দুবার শূন্যতে আউট হলেন সাকিব এই প্রথম! ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৮ বার শূন্যতে কাটা পড়েছেন হাবিবুল বাশার। আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুল, ৩২ বার।
ধবলধোলাই অধিনায়ক
ভাগ্যের বিড়ম্বনায় এর আগে দুবার এই স্বাদ পাননি। অবশেষে কাল ধবলধোলাইয়ে নেতৃত্ব দেওয়ার স্বাদ পেলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশে সবচেয়ে বেশিবার এই স্বাদ পেয়েছেন হাবিবুল বাশার। তিনটি সিরিজে ধবলধোলাইয়ের বাংলাদেশকে নেতৃত্ব নিয়েছেন এখনকার অন্যতম নির্বাচক—কেনিয়া, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ২০০৬ সালে কেনিয়ায় ৩-০ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন খালেদ মাসুদ। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ে অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। পরের বছর নিউজিল্যান্ডকে ধবলধোলাইয়ে প্রথম ম্যাচে টস করেছিলেন মাশরাফি, বাকিগুলো সাকিব। আর গত বছর নিউজিল্যান্ডকে দ্বিতীয় দফা ধবলধোলাইয়ের অধিনায়ক ছিলেন মুশফিক।
সাফল্যধারা
জয়খরার বছরের শেষ দিকে এসে টানা জিতল বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ মিলিয়ে জিতল টানা ৮ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়ে বেশি টানা জয় বাংলাদেশের আছে আর একবারই। ২০০৬ সালের অক্টোবরে চ্যাম্পিয়নস ট্রফিতে জিম্বাবুয়ের বিক্ষে জয় থেকে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি জয় পর্যন্ত টানা ১০ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ৯টি ছিল ওয়ানডে, ১টি টি-টোয়েন্টি। ৮টিতেই প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, দুটিতে স্কটল্যান্ড।