টুকরো টুকরো ছবি

অভিষেক পর্ব-১
ছোট্ট শহর জামালপুরে জন্ম একজনের, আরেকজনের রাজধানী শহর হারারেতে। একজনের কদিন আগে ১৯ পূর্ণ হলো, আরেকজন বেশ আগেই পেরিয়েছেন ২৭। প্রথমজন উঠে এসেছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে, পরেরজন বয়সভিত্তিক পর্যায়ে খেলেনইনি। শুরুতে ছিলেন একজন ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান, আরেকজন পেসার। তবে সময়ের পরিক্রমায় দুজনই এখন লেগ স্পিনার, দুজনের স্বপ্নপূরণের মুহূর্তটাও মিলে গেল এক বিন্দুতে। স্বপ্নের টেস্ট ক্যাপ পেলেন জুবায়ের হোসেন ও তাফাদজাওয়া কামুনগোজি। ৮৬ টেস্টে বাংলাদেশের ৭৪তম টেস্ট ক্রিকেটার জুবায়ের। যাঁর মাথায় টেস্ট ক্যাপ তুলে দিলেন প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ৯৫ টেস্টে জিম্বাবুয়ের ৯৩তম টেস্ট ক্রিকেটার কামুনগোজি।
বিরলদের মেলা
‘লেগ স্পিনার নাকি বিরল প্রজাতি, কে বলেছে ভাই, এই দেখুন না কত লেগ স্পিনারের খবর বলে যাই!’ অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি দুবাই টেস্টেই অভিষেক হলো পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহর। কাল একসঙ্গে অভিষেক হলো জুবায়ের ও কামুনগোজির। জিম্বাবুয়ের স্কোয়াডে আছেন আরও এক লেগ স্পিনার-নাতসাই মুশাঙ্গুয়ে। তবে আদতে লেগ স্পিনার কতটা বিরল, প্রমাণ হয় একটি তথ্যেই। এক টেস্টে দুই স্পেশালিস্ট লেগ স্পিনারের একসঙ্গে অভিষেক হলো ৭৫ বছর পর! সর্বশেষ ১৯৩৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অভিষেক হয়েছিল দুই ক্যারিবীয় লেগ স্পিনার জন ক্যামেরন ও বার্টি ক্লার্কের।
ভুল করে
আল আমিনের হাফভলি মতো বলটিকে সজোরে ড্রাইভ করেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। দারুণ টাইমিং, কিন্তু হাওয়ায় ভেসে বল সোজা কাভার ফিল্ডারের হাতে। দেখেই দুহাত তুলে উদ্যাপন শুরু করেছিলেন আল আমিন, কিন্তু ব্যাটসম্যান ঠায় দাঁড়িয়ে। দেখে থমকে গেলেন আল আমিনও। বুঝতে সময় লাগল খানিকক্ষণ। মাসাদাকাজার ব্যাট থেকে বেরিয়ে ডানা মেলার আগে বল হালকা একটু চুমু দিয়েছিল মাটিতে!
ফুলে কাঁটা
বোলিংয়ে বাংলাদেশ ছিল প্রায় নিখুঁত। ফিল্ডিং আর মাঠে শরীরী ভাষায়ও ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দৃশ্যমান উন্নতি। একেকটি উইকেট ছিল যেন সৌন্দর্যের একেকটি ফুল। কাঁটা হয়ে বিঁধছে শুধু তিনটি মুহূর্ত। শাহাদাতের বলে সিকান্দার রাজার পুল উঠে গেল আকাশে। ফাইন লেগ থেকে এগিয়ে ক্যাচ নিতে গিয়েও কী মনে করে থমকে গেলেন তাইজুল, বাঁচাতে পারলেন না চারও। বঞ্চিত শাহাদাত পরে নিজেই বঞ্চিত করলেন সাকিবকে। বিকেলে ঠিক একইভাবে কামুনগোজির তুলে দেওয়া শট না পারলেন ক্যাচ বানাতে, না চার বাঁচাতে। খানিকপরই জুবায়েরের বলে মিড উইকেটে কামুনগোজির সহজ ক্যাচ ছাড়লেন আল আমিন। আরেকটি উইকেট তরুণ স্পিনারের অভিষেকটা করতে পারত আরেকটু স্মরণীয়।
অভিষেক পর্ব-২
সাকিবের একটি জোরের ওপর করা বল ঠিকমতো খেলতে পারলেন না ব্রেন্ডন টেলর। ব্যাট-প্যাড ক্যাচের আবেদন করলেন বাংলাদেশের ফিল্ডাররা। আম্পায়ারা সাড়া না দেওয়ায় রিভিউ চাইলেন মুশফিক। হয়ে গেল প্রযুক্তির অভিষেক! ২০১১ বিশ্বকাপে ডিআরএস ছিল। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের মাটিতে ডিআরএস এই প্রথম।
ছুঁয়ে ও ছাড়িয়ে
মুশফিকের যখন টেস্ট অভিষেক (২০০৫), তখনো বাংলাদেশের টেস্ট দলে অপরিহার্য নাম জাভেদ ওমর। দুই বছর পর শ্রীলঙ্কা সফরে যখন টেস্ট দলে জায়গা পাকা করলেন মুশফিক, জাভেদ খেললেন ক্যারিয়ারের শেষ টেস্ট। কাল মাঠে নেমেই সেই জাভেদকে ছাড়িয়ে গেলেন মুশফিক। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে জাভেদকে (৪০) পাঁচে ঠেলে মুশফিক এখন চারে (৪১)। আর প্রত্যাবর্তন টেস্টে শাহাদাত হোসেন ছুঁয়েছেন মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি, ৩৬টি করে টেস্ট খেলেছেন এই দুজনই।
পাঁচ বছর পর
কাভারে ট্রাভিস ডাওলিনের দুর্দান্ত এক ক্যাচ নিলেন তামিম ইকবাল, স্লিপ থেকে খানিকটা দৌড়ে কামুনগোজির ক্যাচ নিলেন শামসুর রহমান। দুটিই প্রতিপক্ষের শেষ উইকেট, দুবারই বোলার সাকিব। শুধু বোলারেই মিল নয়, পাঁচ বছর আগে-পরের এই দুটি মুহূর্তও মিলে যাচ্ছে এক বিন্দুতে। প্রথমবার বাংলাদেশ পেয়েছে অচেনা স্বাদ, কাল পেল প্রায় ভুলে যাওয়া সেই স্বাদ! কালকের আগে টেস্টের প্রথম দিনে বাংলাদেশ প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছে একবারই। ২০০৯ সালে গ্রেনাডায় সাকিবের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়েছিল ২৩৭ রানে।
আরিফুল ইসলাম