টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছক্কা ও অক্কা
চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে পারেননি সিকান্দার রাজা। চারে নামলেন, কিন্তু জবাব পাচ্ছিলেন না তাইজুল-সাকিবের স্পিনের। টার্ন ও বাউন্সে পরাস্ত হচ্ছিলেন বারবার। এই টেকনিক নিয়ে এমন বোলিংয়ে বেশিক্ষণ টেকা যাবে না বুঝেই হয়তো সিদ্ধান্ত নিলেন টি-টোয়েন্টি খেলার। তিন বলের মধ্যে দুটি চার মারলেন সাকিবকে। পরের ওভারে পরপর দুই বলে ডাউন দ্য উইকেটে এসে তাইজুলকে ছয়। কিন্তু এই উইকেটে বারবার ছক্কার মারতে চাওয়া মানে তো অক্কা! পরের বলে আবার বেরিয়ে এসে মারতে গিয়ে ধরা পড়লেন কাভারে।
ইচ্ছেপূরণ
সিকান্দার রাজা তখন আউট হলেন মাত্র, জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ৫৩। সতীর্থদের উদ্বুদ্ধ করতে উইকেটের পেছন থেকে মুশফিকুর চেঁচিয়ে বলছিলেন, ‘কাম অন, কাম অন...৫ উইকেটে ৬০ করে ফেলো এখন।’ অধিনায়কের ইচ্ছে পূরণ করলেন তাইজুল ইসলাম। ১ ওভারেই ফেরালেন চাকাভা ও চিগুম্বুরাকে, জিম্বাবুয়ে তখন ৫ উইকেটে ৫৮!
দূরদৃষ্টি
লাঞ্চের ২ ওভার আগে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনাশে পানিয়াঙ্গারা। লাঞ্চে গেলেন অপরাজিত থেকেই। বিরতিতে আবার মাঠে ফিরে এলেন সহকারী কোচ ডগলাস হোন্ডোকে নিয়ে। তবে ব্যাটিং অনুশীলনে নয়, ব্যাট-প্যাড খুলে হাতে বল নিয়ে। ততক্ষণে বুঝে গিয়েছিলেন যা করার করতে হবে বোলিংয়েই। এক পাশের সেন্টার উইকেটে তাই অনুশীলন করলেন লেংথ বোলিং। কাজেও লেগেছে সেটা। ব্যাটিংয়ে শূন্য রানে ফিরলেও বল হতে ভালোই ভুগিয়েছেন বাংলাদেশকে।
মুহূর্তেই ধ্বংসস্তূপ
পরশুর বিকেল ম্যাচে ফিরিয়েছিল জিম্বাবুয়েকে। বাংলাদেশকে আড়াই শতে গুটিয়ে নিরাপদে কাটিয়ে দিয়েছিল শেষ বিকেলের ২ ওভার। মাঝের রাতটা বদলে দিল সবকিছু। পরশু বিকেলের আনন্দ উবে গেল সকালেই। বিনা উইকেটে দিন শুরু করা জিম্বাবুয়ে লাঞ্চে গেল ৭ উইকেট হারিয়ে! বল হাতে এটাই বাংলাদেশের সফলতম সেশন। এর আগে ২০১০ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এক সেশনে তোলা গিয়েছিল ৬ উইকেট। বিনা উইকেটে ৬৩ রান নিয়ে লাঞ্চে যাওয়া ভারতের রান চা-বিরতির সময় ছিল ৬ উইকেটে ১৬০। শাহাদাত ও সাকিব নিয়েছিলেন ৩টি করে উইকেট। এটাই সেই টেস্ট, যেটির আগে বাংলাদেশকে ‘অর্ডিনারি’ বলে হইচই ফেলে দিয়েছিলেন বীরেন্দর শেবাগ।
বিদায় মি. এক্সট্রা
প্রথম ইনিংসে একটি নো-বল করেছিলেন শাহাদাত হোসেন। বাই থেকে গুনতে হয়েছিল আরও ১২ রান। কিন্তু জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে একটিও অতিরিক্ত রান দেয়নি বাংলাদেশ। পূর্ণাঙ্গ ইনিংসে অতিরিক্ত রানের অনুপস্থিতি টেস্ট ইতিহাসে এই নিয়ে ২৭ বার। তবে বাংলাদেশ ‘মি. এক্সট্রা’ কে কাছে ঘেঁষতে দিল না এই প্রথম!
০/৩!
পঙ্কজ রায় ০, দত্ত গায়কোয়াড় ০, মাধব মন্ত্রী ০, পলি উমড়িগড় ০...ক্রিকেট ইতিহাসের বিখ্যাত এক স্কোরকার্ড একটি। অ্যালেক বেডসার ও অভিষিক্ত ফ্রেড ট্রুম্যানের তোপে ০ রানে ৪ উইকেট হারিয়েছিল ভারত। ১৯৫২ সালের সেই হেডিংলি কাল প্রায় ফিরে এল মিরপুরে। তামিম-শামসুর-মুমিনুলের ‘সৌজন্যে’ বাংলাদেশ একপর্যায়ে ছিল ৩ উইকেটে ০! দুই ওপেনার ও ওয়ানডাউন—তিন ব্যাটসম্যানই রানের মুখ না দেখার ঘটনা টেস্ট ইতিহাসে আছে আর একটিই। সেই ১৮৮৮ সালে, ওল্ড ট্রাফোর্ডে ইংলান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া।
মুশির সাফল্য (মাঠে)
মুশফিকুর রহিমের অধিনায়কত্ব আর উইকেটকিপিং সমালোচনার খোরাক জোগায় প্রায়ই। কৃতিত্ব পাওয়ার মতো কিছু করলে সেটিরও পুরো কৃতিত্ব তাই দেওয়া উচিত। যেমন দিতে হচ্ছে এই ম্যাচে। দলের মূল ব্যাটসম্যান যে এখন তিনিই, সেটা আরেকবার প্রতিষ্ঠিত হলো এ ম্যাচে। অধিনায়কত্বও ছিল চোখে পড়ার মতো। বোলিং পরিবর্তন দাবি মিটিয়েছে পরিস্থিতির, ফিল্ডিং সাজানোও বেশির ভাগ সময় ছিল কার্যকর। মাঠে ছিলেন দারুণ সক্রিয়। কিপিংয়ে কিছু বাই রান যদিও দিয়েছেন প্রথম ইনিংসে, বেশির ভাগ সময় ছিলেন আস্থার প্রতীক। চলে আসা ধারা ভেঙে এই ম্যাচে কোনো ক্যাচ মিস করেননি! কাল নিয়ুম্বু ও কামুনগোজির ক্যাচ দুটি তো ছিল দুর্দান্ত!
মুশির সাফল্য (রেকর্ডে)
বাংলাদেশের জয়ে এমন একটি রেকর্ড হলো মুশফিকের, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার যেটি প্রতীকী। এই প্রথম বাংলাদেশকে একাধিক টেস্ট জয়ে নেতৃত্ব দিলেন কেউ! গত বছর জিম্বাবুয়েতে মুশফিকের নেতৃত্বেই জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের বাকি তিনটি জয়ে অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। মাশরাফির জয়ের অর্ধেক কৃতিত্ব অবশ্য দাবি করতে পারেন সাকিব। ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ম্যাচের তৃতীয় সকালেই চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক মাশরাফি, বাকি সময়টুকুতে নেতৃত্ব দিয়েছিলেন ডেপুটি সাকিব।
আরিফুল ইসলাম