টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুর ছক্কা
সেই যে ২০০৭ বিশ্বকাপে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারলেন জহির খানকে, এর পর থেকে তামিম ইকবালের ট্রেডমার্কই হয়ে দাঁড়িয়েছিল ওই শট। সাম্প্রতিক তামিমের সঙ্গে অবশ্য এই পরিচয় বেমানান। তবে কাল ক্ষণিকের জন্য দেখা গেল পুরোনো ঝলক। তিনাশে পানিয়াঙ্গারাকে বেরিয়ে এসে লং অন দিয়ে ওড়ালেন তামিম। সেটিও প্রথম ওভারেই! আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে একবারই প্রথম ওভারে ছক্কা মেরেছিলেন তামিম, সেটিও ওভারের শেষ বলেই। ২০১১ বিশ্বকাপের পর এই মিরপুরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মিচেল জনসনকে স্ল্যাশ করে ছয় মেরেছিলেন থার্ডম্যান দিয়ে। সেদিন ছক্কার আগে আরেকটি চারও মেরেছিলেন তামিম। প্রথম স্কোরিং শটই ছক্কা তাই কালই প্রথম।

জুটির টানা
২৯২ ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ কাল নিয়ে মাত্র দশমবার। টানা দুই ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি হলো এই প্রথম! আগের ম্যাচে ১৫৮ রানের জুটির পর তামিম ইকবাল ও এনামুল হক কাল বাংলাদেশকে এনে দিয়েছেন ১২১ রানের জুটি। ওয়ানডে ইতিহাসে একই জুটি টানা দুই ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি গড়েছিল ১৯৮০ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে ১০৮ রানের জুটির পর এজবাস্টনে ১৫৮ রানের জুটি গড়েছিলেন গ্রাহাম গুচ ও জিওফ বয়কট। শুধু টানা দুই ম্যাচেই নয়, বাংলাদেশের এক জোড়া ব্যাটসম্যান একাধিকবার শতরানের উদ্বোধনী জুটি গড়তে পারল এই প্রথম!

সপ্তম, কিন্তু সপ্তম নয়!
ওয়ানডেতে বাংলাদেশ প্রথমবার তিন শ ছুঁয়েছিল মাশরাফির ছক্কায়। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে বগুড়ায়, ২৯৫ থেকে ইনিংসের শেষ বলে ছক্কা মেরেছিলেন মাশরাফি। কাল আবারও শেষ বলের আগে রান ২৯৫, স্ট্রাইকে সেই মাশরাফি। তুলে মেরেছিলেন আবারও, কিন্তু এবার হলো মাত্র ২। তিন শ হলে সেটি হতো ওয়ানডেতে বাংলাদেশের মাত্র সপ্তমবার। সেটি হয়নি, তবে এই ২৯৭ রানই বাংলাদেশের সপ্তম সর্বোচ্চ স্কোর!

অগ্নিশর্মা
ব্যাট হাতে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ভুল সিদ্ধান্তে আউট হয়ে হ্যামিল্টন মাসাকাদজা ঝড় তুললেন প্রতিক্রিয়ায়। মাশরাফির বলে কট বিহাইন্ড দেন আম্পায়ার, তবে বল ব্যাটের ধারেকাছেও ছিল না। আম্পায়ার আনিসুল হকের আঙুল উঠতে দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না মাসাকাদজার। খানিক হেসে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন, উইকেট ছাড়ার নামগন্ধ নেই। বাইরে থেকে ছুটে আসা দ্বাদশ ব্যক্তি সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন। বাতাসে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে ড্রেসিংরুমে পথ ধরলেন বিশালদেহী ব্যাটসম্যান। যেতে যেতে গজরাতে গজরাতে হাত ছুড়লেন আরেকবার। মাঠ ছাড়ার ঠিক আগে প্রবল আক্রোশে ব্যাট মারলেন মাটিতে!

মুশফিকের সেঞ্চুরি
আম্পায়ারের ভুল পাওয়া উইকেটই ফুল হলো মুশফিকুর রহিমের কাছে। মাসাকাদজার ক্যাচটিই ছিল ওয়ানডেতে উইকেটকিপার মুশফিকের শততম ক্যাচ! ক্যাচের সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম উইকেটকিপারও তিনি। ৯১ ক্যাচ ছিল খালেদ মাসুদের। ওয়ানডেতে কিপিং গ্লাভস হাতে ক্যাচের সেঞ্চুরি প্রথম করেছিলেন অস্ট্রেলিয়ার রডনি মার্শ। মুশফিককে দিয়ে সেই সেঞ্চুরিয়ানের সংখ্যা হলো ২২। ৪১৭ ক্যাচ নিয়ে রেকর্ড অ্যাডাম গিলক্রিস্টের। ১৩৮ ওয়ানডের ক্যারিয়ারে ৯টিতে কিপিং করেননি মুশফিক, ওই ৯ ম্যাচে আছে আরও দুটি ক্যাচ।

মুশির আরেকটি
ক্যাচের সংখ্যায় খালেদ মাসুদকে ছাড়িয়েছিলেন আগেই। কাল শততম ক্যাচ নেওয়ার দিনে স্টাম্পিংয়েও মুশফিক ছাড়িয়ে গেলেন মাসুদকে (৩৫টি)। সলোমন মায়ার ছিলেন স্টাম্পিংয়ে মুশফিকের ৩৬তম শিকার। ক্যাচ সংখ্যায় বিশ্বে মুশফিকের ওপরে ২১ জন থাকলেও স্টাম্পিংয়ে ওপরে আছেন মাত্র ৮ জন। ৮৯ জনকে স্টাম্পড করে শীর্ষে কুমার সাঙ্গাকারা।

সানির অর্জন
এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন। প্রথম তিন ম্যাচেই জায়গা আপাতত পাকা করার কাজটিও অনেকটা করে ফেললেন আরাফাত সানি। আগের ম্যাচের মতো কালও নিলেন ৪ উইকেট! টানা দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় বোলার সানি। প্রথমবার নিয়েছিলেন অকালপ্রয়াত মানজারুল ইসলাম, ২০০৫ সালে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের পথে। ২০১০ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই আবদুর রাজ্জাক টানা তিন ম্যাচে নিয়েছিলেন ৪, ৫ ও ৪ উইকেট!

জিম্বাবুয়ে ৮, সিরিজ ১৬
প্রথম টেস্ট সিরিজ জয়ের পর ২০০৫ সালে টাটেন্ডা টাইবুর দলের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছিল বাংলাদেশ। সেটি ছিল বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়। কাল সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতল অষ্টম সিরিজ! আর অন্য সব দল মিলিয়ে বাংলাদেশ জিতেছে ৮ সিরিজ। এবারের জয় তাই বাংলাদেশের ১৬তম দ্বিপাক্ষিক সিরিজ জয়। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কেনিয়ার বিপক্ষে জয় দুটি করে সিরিজ, আয়ারল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে একটি করে।
আরিফুল ইসলাম